গর্বের মুহূর্ত! বিশ্বমঞ্চে বাংলায় জয়জয়কার, বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক জিতল বঙ্গ তনয়া রামিশা

বিশ্বের মঞ্চে জয়জয়কার বঙ্গ তনয়ার। হরিয়ানায় বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় তিন-তিনটি স্বর্ণপদক জিতে নিল কালনার মেয়ে রামিশা দফাদার। তার এই সাফল্যে খুশির জোয়ারে ভাসছে কালনা-সহ গোটা বাংলা। আত্মীয়স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন রামিশাকে। রামিশার বাড়ি ফেরার অপেক্ষায় সকলে।

জানা গিয়েছে, হরিয়ানার কর্নাল শহরে এবছর বিশ্ব যোগাসন প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতাতেই ভারতের হয়ে পাঁচটি বিভাগে অংশগ্রহণ করে রামিশা। এর মধ্যে তিনটিতে স্বর্ণপদক জয় করেছে সে। বাকি দু’টির মধ্যে একটিতে রুপো এবং আর একটিতে ব্রোঞ্জ জিতেছে রামিশা।

রামিশা কালনা হিন্দু গার্লস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। তবে পড়াশোনার চেয়ে যোগাসনেই তার ঝোঁক বেশি। এই প্রতিযোগিতাতে ১৭টি দেশ থেকে ৪৩৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল বলে জানা গিয়েছে। গত ১৪ই নভেম্বর থেকে ১৬ই নভেম্বর চলে এই প্রতিযোগিতা।

রামিশার এই সাফল্যের বিষয়ে তার দাদা অসীম দফাদার বলেন, “রামিশা ইতিমধ্যে রাজ্য ও জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেয়েছে। এবার প্রতিটি বিভাগেই সে প্রথম তিন রয়েছে আর তিনটি বিভাগে সোনা জিতেছে। রামিশার এই সাফল্যে আমরা খুশি। এই যোগকন্যার কোচ গৌরাঙ্গ সরকার বলেন, নিয়মিত যোগাসন অভ্যাস ও কঠোর অনুশীলনই রামিশাকে এই সাফল্য এনে দিয়েছে। আমার আশা ভবিষ্যতে ও অনেক দূর যাবে”।

RELATED Articles