এক বছর হয়ে গেল। কিন্তু মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও বিচার পাননি বলে মনে করছেন নির্যাতিতার পরিবার। যন্ত্রণার ভার সইতে না পেরে এবার সরাসরি কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন তাঁরা। দিল্লির রাজপথে ঘুরে ঘুরে কখনও বিজেপির পার্টি অফিস, কখনও আইনজীবীর চেম্বার—ন্যায় চেয়ে মরিয়া হয়ে উঠেছেন অভয়ার মা-বাবা। তাঁদের দাবি, ‘ন্যায় না পেলে, সবাইকে সামনে রেখেই আত্মহত্যা করব।’ এমন হুঁশিয়ারিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
গতকাল বুধবার নির্যাতিতার বাবা-মায়ের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল। রাজ্য বিজেপির এক নেতার আশ্বাসেই তাঁরা গিয়েছিলেন দিল্লিতে বিজেপির পার্টি অফিসে। কিন্তু সেখানে গিয়ে হতাশ হতে হয় তাঁদের। দলীয় অফিসে কেউ ছিলেন না বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, “বিষয়টা যাতে সিবিআইয়ের কাছে পৌঁছয়, সেই জন্যই এসেছিলাম। কিন্তু কাউকেই পেলাম না।”
পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, সিবিআই ঠিকভাবে তদন্ত করছে না। তাই বারবার তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ চেয়েছেন। কিন্তু সেই অনুরোধও উপেক্ষিতই থেকেছে বলে দাবি। পরিবারের বক্তব্য, বিভিন্ন বিজেপি নেতা তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু সেগুলো ছিল ‘মুখের কথা’। মা বলেন, “কে কতটা রাজনৈতিক ফায়দা নিয়েছে, তা বলব না। কিন্তু মেয়ের ন্যায়ের প্রশ্নে কেউ কাজের কাজ করেনি।”
আজ, বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দীর সঙ্গে বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করার পরিকল্পনা তাঁদের। তবে সেই সাক্ষাৎ আদৌ হবে কি না, তা নিয়ে রয়েছে বড় অনিশ্চয়তা। দিল্লির পথে পথে ঘুরে ক্লান্ত পরিবার এখন শেষ চেষ্টা চালাচ্ছেন সঠিক তদন্তের দাবিতে।
আরও পড়ুনঃ Online Order Scam: বিগ বাস্কেট থেকে অর্ডার করা চার মাসের শিশুর দুধে মিলল ফিনাইল! অনলাইনে অর্ডার করে মৃত্যু ফাঁদে সদ্যজাত শিশু!
৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে অভয়ার সঙ্গে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার এক বছর। এখনও সুরাহা হয়নি, হয়নি কোনও কঠোর পদক্ষেপ—এই অভিযোগ তুলেই অভয়ার মা-বাবা দিল্লিতে গিয়েছেন। মায়ের হুঁশিয়ারি, “আমার মেয়ে তো বাঁচল না। এখন যদি আমি কিছু করে ফেলি, তাহলে অন্তত সরকার বুঝবে—এটা এক পরিবারের নয়, সবার মেয়ে হারা যাওয়ার যন্ত্রণা।” এই হুঁশিয়ারি নিছক আবেগ নয়, এটা সিস্টেমের ব্যর্থতার বিরুদ্ধে এক সরব প্রতিবাদ।





