নেতাজি জয়ন্তীতে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে ক্রুদ্ধ আরএসএস! কারা দিলো স্লোগান? বিস্তারিত রিপোর্ট চাইলেন নাড্ডা

ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত নেতাজী জন্ম জয়ন্তী অনুষ্ঠানে অপমানিত বোধ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি অনুষ্ঠানকে রাজনৈতিক বানিয়ে ছেড়েছিলেন বিজেপি সমর্থকরা। যে নেতাজিকে নিয়ে ছিল অনুষ্ঠান সেখানেই বারবার আওয়াজ উঠেছিল জয় শ্রীরাম। আর এর অবশ্যই মূল লক্ষ্যে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রতিবাদে কোনও মন্তব্য না রেখেই মঞ্চ ছাড়েন তিনি।

এরপর থেকেই নিজেদের সমর্থনে নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রী রাম’ জয়ধ্বনি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। পাল্টা বাংলার মুখ্যমন্ত্রীর আচরণ’ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

তবে নেতাজি জন্ম জয়ন্তীতে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে ক্রুদ্ধ হয়েছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। বিজেপি সূত্রের খবর, সেদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘটা ঘটনায় বিস্তারিত রিপোর্ট চেয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

ভোটের আগে নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’  বাংলার জনগণের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে আরএসএসের শীর্ষ নেতৃত্ব, এমনটাই জানাচ্ছে সূত্র। প্রদীপ জোশী ও ভাগাইয়াজি-র মতো সঙ্ঘের উপরতলার নেতৃত্ব এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। সঙ্ঘের অভিমত, স্থান-কাল-পাত্র না দেখে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়ায় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি। ‘বহিরাগত’ ইস্যুতে যখন প্রচার চালাচ্ছেন মমতা, তখন অযথা তাঁর হাতে অস্ত্র তুলে দেওয়া অজ্ঞতার পরিচয়।

বিজেপি সূত্রে জানা গেছে, সঙ্ঘের মনোভাব আঁচ করেই রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জানতে চেয়েছেন, ওই দিন ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়ার নেপথ্যে কে বা কারা? স্বতঃস্ফূর্ত জয়ধ্বনি নাকি গোটাটাই পরিকল্পিত? একেবারে ধরে ধরে আসল মাথাকে খুঁজতে চাইছে বিজেপি। ওই হাইপ্রোফাইল অনুষ্ঠানে কোন মাপকাঠিতে কার্ড দেওয়া হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, যুব মোর্চার দুই শীর্ষ নেতা ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দক্ষিণ কলকাতার এক নেতার নেতৃত্বেই এই ‘চিত্রনাট্য’ বাস্তবায়ন হয়েছে।

শনিবার ভিক্টোরিয়ায় নেতাজি  জয়ন্তীর অনুষ্ঠানে পরিকল্পিতভাবে স্লোগান দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। তাঁদের বক্তব্য, ২৩শে জানুয়ারি ‘ধর্মীয়’ স্লোগান দিয়ে আদতে বিজেপি নেতাজির অপমান করেছে। গতকাল, সোমবার পরশুড়ায় দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে ওঠেন, ‘এতবড় সাহস কয়েকটা উগ্র গর্ধ ধর্মান্ধ আমায় টিজ করছে! দেশের প্রধানমন্ত্রীর সামনে!’ ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদ করেছে বাংলার সুশীল সমাজ। বিজেপির রাজ্য সভাপতি অবশ্য দিলীপ ঘোষ ‘জয় শ্রী রাম’-এ ভুল কিছু দেখেননি।

 

আরও অন্যান্য খবর