‘বুড়ো হয়ে গিয়েছেন, বম্বেতে কাজ না পেয়ে বাংলায় এসেছেন’, মিঠুনকে বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের

রাজনৈতিক মহলে এক পক্ষের নেতা অপর পক্ষকে আক্রমণ শানাবে, সেটাই স্বাভাবিক। শাসক-বিরোধী দ্বন্দ্বের অন্ত নেই রাজ্যে। এবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। মহাগুরুকে ‘বুড়ো’ সম্বোধন করে তিনি বলেন, “বম্বেতে কাজ না পেয়ে বাংলায় এসেছেন”। তাঁর এই মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি নেতৃত্বও।

পঞ্চায়েত নির্বাচন আসন্ন। সেই কারণে সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। চলছে প্রচার, সভা-পাল্টা সভা, একে অপরকে আক্রমণ সবই। পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে ‘দিদির সুরক্ষাকবচ’ নামের কর্মসূচি শুরু করেছে তৃণমূল।

এই কর্মসূচির কারণেই নানান তৃণমূল নেতা-নেত্রীরা ‘দিদির দূত’ হয়ে যাচ্ছেন নানান এলাকায়। শুনছেন আমজনতার অভাব-অভিযোগ। গত শনিবার এমনই এক কর্মসূচিতে খড়দহে গিয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। আর সেখান থেকেই মিঠুন চক্রবর্তীকে আক্রমণ শানালেন তিনি।

এদিন সৌগত রায় বলেন, “মিঠুন বুড়ো হয়ে গিয়েছেন। বম্বেতে কোনও কাজ পান না তাই বাংলায় এসেছেন”। এরপরই আবাস যোজনা ঘর প্রসঙ্গ তুলেও মিঠুনকে আক্রমণ করেন  তিনি। বলেন, “দু’দিন আগে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) পা ধরত। মিঠুনের বাবার ক্ষমতা নেই ঘর তৈরি করে দেওয়ার। ও জানে ঘর তৈরিতে কত টাকা লাগে”? স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে সৌগত রায়ের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে বাংলার হয়ে প্রচারে নেমে বারবার কটাক্ষের শিকার হতে হচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। কিছুদিন আগেই ‘প্রজাপতি বিতর্ক’ নিয়ে মিঠুনকে আক্রমণ করে তাঁর অভিনয় দক্ষতা নিতে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যদিও তাঁকে ‘এলে তেলি’, ‘গঙ্গারাম’ বলে পাল্টা দাগেন মিঠুনও।

RELATED Articles