লোকসভা নির্বাচন আসন্ন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যেই প্রস্তুতি তুঙ্গে। কেউ কাউকে একচুলও জমি ছেড়ে দিতে রাজি নয়। প্রার্থী বাছাই নিয়ে সমস্ত দলের মধ্যেই চলছে নানান চর্চা। এমন আবহে এবার টিকিট পাওয়া বা টিকিট পেয়েও জেতা নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা গেল তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে।
কী বলেছেন তৃণমূল সাংসদ?
গতকাল, বৃহস্পতিবার বরাহনগরে একটি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়। সভায় তিনি বলেন, “আমি ১৫ বছর ধরে সাংসদ। এর পর কী হবে জানি না। দল কাকে মনোনয়ন দেবে, যদি আমাকে দেয় সেক্ষেত্রে আমি জিততে পারব কি না, সবটাই অনিশ্চিত”।
হঠাৎ কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ চর্চার জন্ম দিয়েছে। তৃণমূলে এমনিতে বেশ কিছুদিন ধরেই চলেছে আদি-নব্য দ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বারবার বলেছেন তরুণ প্রজন্মের কথা। তাঁর কথায়, তরুণ প্রজন্মের কর্মক্ষমতা বেশি, সেই কারণে নতুন মুখদের দলে জায়গা দিতে হবে। সেই কারণেই বর্ষীয়ান সাংসদ এহেন সংশয়ের কথা প্রকাশ করলেন কী না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
কী প্রতিক্রিয়া দিল বিজেপি?
তৃণমূল নেতার এহেন মন্তব্যে এবার প্রতিক্রিয়া দিয়ে বিজেপি নেতা কিশোর কর বলেন, “উনি বহুদিনের সাংসদ। তবে এখন ওনার অ্যাক্টিভিটি কমে গিয়েছে। পার্লামেন্টে ওনার বক্তব্য শোনা গেলেও দমদম নিয়ে ওনার পরিকল্পনা আমরা জানতে পারি না। উনি মূলত বিধায়কদের মাধ্যমে খোঁজখবর রাখেন। সেই কারণেই হয়তো দল প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে”। এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।





