‘সিবিআই ফায়দা না তুলতে পেরে ইডিকে ডাকছে, অনুব্রতর বিরুদ্ধে কী প্রমাণ পেয়েছে, জানাক’, অনুব্রতর গ্রেফতারি নিয়ে বিস্ফোরক সৌগত

কিছুদিন আগেই সিবিআই তদন্ত নিয়ে ধন্দ প্রকাশ করে প্রশ্ন তুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তবে কেন্দ্রের চাপে সুর নরম করেছেন তিনি। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ঘটনারই কোনও মীমাংসা করতে পারে নি। সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিচারপতিও উষ্মা প্রকাশ করেছিলেন। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

গরু পাচার মামলায় সিবিআই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও তল পাচ্ছে না বলেই এখন ইডিকে ডাকছে বলে দাবী করেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি এও প্রশ্ন তোলেন যে অনুব্রতর বিরুদ্ধে আদৌ কী কী প্রমাণ পেয়েছে সিবিআই? বলে রাখি, অনুব্রত ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পিটিশন দাখিল করেছে ইডি। এর বিরুদ্ধেই সরব হন সৌগত রায়।

গত ১১ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। আপাতত তিনি জেলে। কিন্তু সিবিআই কী আদৌ অনুব্রতর বিরুদ্ধে কোনও প্রমাণ পেয়েছে, তা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের তরফে আগে থেকেই বলা হয়েছে যে তদন্ত যাতে দিনের পর দিন ধরে না চলে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা হয়েছে।  

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে কোনও ইতিবাচক অগ্রগতি না দেখতে পেয়ে সিবিআইয়ের সম্পর্কে কার্যত অনাস্থা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত করেছিল সিবিআই। কোনও কিনারাই করতে পারেনি তারা।

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “‌সিবিআই ফায়দা তুলতে পারছে না বলেই ইডিকে দিয়ে চাপ সৃষ্টির চেষ্টা চলছে। কেন্দ্রীয় এজেন্সিগুলি চলছে বিজেপির অঙ্গুলিহেলনে। সিবিআই কী পেয়েছে, তা এখনও পর্যন্ত কেউ জানে না। অনুব্রতর বিরুদ্ধে কী প্রমাণ ওদের হাতে আছে, সেটা ওরা জানিয়ে দিক”।

RELATED Articles