‘ইডি-কে শক্তি দাও, যাকে মা সারদার সঙ্গে তুলনা করা হয়েছিল, তাঁকেও যেন গ্রেফতার করা হয়’, পার্থর গ্রেফতারির পর প্রার্থনা সৌমিত্রের

গতকাল শুক্রবার থেকেই রাজ্যজুড়ে প্রবল হইচই। এদিন সকাল সকালই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চলে তল্লাশি। ম্যারাথন জেরার মুখে পড়েন রাজ্যের মন্ত্রী। গতকাল সন্ধ্যের পর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা, ২০টি মোবাইল ফোন ও ৫০ লক্ষ টাকার গয়না।

এরপর আজ, শনিবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে ২ দিনের জেল হেফাজত হয়েছে পার্থর। এদিন ইডি গ্রেফতার করে অর্পিতা মুখোপাধ্যায়কেও। ইডির অনুমান, এসএসসি দুর্নীতির বেআইনি টাকা অর্পিতার ওই বাড়িতে লুকিয়ে রাখতেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর খুশির হাওয়া দেখা যায় রাস্তায় বসে শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য প্রতিবাদ করা চাকরিপ্রার্থীদের মধ্যে। ইডির এই পদক্ষেপের প্রশংসা শোনা গিয়েছে বিরোধীদের মুখেও। এরই মধ্যে একটি ভিডিও সামনে এল, তা বেশ ভাইরাল হয়েছে।

এই ভিডিওতে দেখা গেল যে বিজেপি নেতা তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ঠাকুরের পুজো করছেন ও ঠাকুরকে নিজের প্রার্থনা জানাচ্ছেন। তাঁর প্রার্থনায় উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির কথা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও।

সৌমিত্র খাঁ-কে বলতে শোনা যায়, “ইডি-কে শক্তি দাও মা। মা সারদার সঙ্গে যার ত্তুলনা করা হয়েছে, তাঁকেও যেন গ্রেফতার করা হয় মা। কালীঘাটের নাম যে কলুষিত করেছে, তারা যেন কোনওভাবেই ছাড়া না পায়”। বিজেপি নেতা প্রার্থনা জানিয়ে বলেন যে এত যুবক-যুবতীর স্বপ্ন যারা নষ্ট করেছে, মা কালীর অপমান যারা করেছে, তারা যেন কোনওভাবেই ছাড়া না পায়।

তিনি এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়, পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না। আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।

বিজেপি নেতার এই ভিডিও দেখে নেটিজেনরা নানান ধরণের কমেন্ট করেছেন। একাংশ তাঁকে সমর্থন করলেও, নেটিজেনদের অন্য এক অংশ কিন্তু এই নিয়ে সৌমিত্র খাঁ-কে কটাক্ষ করতেও ছাড়ে নি। তবে কারোর কথায়, “পাপ বাপকেও ছাড়ে না”। কেউ আবার লিখেছেন, “দোষীদের সাজা হওয়া দরকার। কেউ যেন ছাড়া না পায়”। আবার কেউ কেউএই ঘটনাকে সৌমিত্র খাঁ-র ‘নাটক’ বলেও দেগেছেন।

RELATED Articles