‘হরিদাস ভাইপোকে জুতো মারতেও রাজি আছি কিন্তু তাঁর অধীনে রাজনীতি করতে নয়’, অভিষেককে নজিরবিহীন আক্রমণ সৌমিত্র খাঁ-র

ফের একবার বেশ কড়া ভাষাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি কোনওভাবেই তৃণমূল (TMC) যোগ বা অভিষেকের অধীনে কাজ করবেন না। তিনি এও বলেন যে প্রয়োজনে অভিষেককে জুতো মারবেন তিনি।

গতকাল, রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জে একটি দলীয় পথসভায় যোগ দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সেখান থেকে অভিষেককে বেলাগাম আক্রমণ শানান তিনি। তাঁর এহেন মন্তব্যে রাজ্য রাজনীতিতে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তা বলাই বাহুল্য।

এদিন পথসভা থেকে সৌমিত্র খাঁ বলেন, “অভিষেক ভাইপো বাংলাকে যেভাবে অশান্ত করছেন, ডায়মন্ড হারবারে হিন্দুদেরকে যেভাবে জ্বালিয়ে দিয়েছিলেন ২ তারিখের পর, সেই হিসেবে বলছি হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি আছি। কিন্তু ওর অধীনে পার্টি করতে নয়”। তাঁর এমন মন্তব্যের কারণে তৃণমূলের তরফেও বিজেপি সাংসদকে কটাক্ষ করা হয়েছে।

তৃণমূলের তরফে বিজেপি নেতার এমন মন্তব্যের কড়া সমালোচনা করে বলা হয়েছে যে সৌমিত্র খাঁ ফের তৃণমূলে ফিরতে চাইছেন। আর সেই জন্যই তিনি এমন কাণ্ড করছেন। ঘাসফুল শিবিরের কথায়, তৃণমূল নেতাদের নজর টানার জন্যই সৌমিত্র খাঁ এমন সব মন্তব্য করছেন।

আসলে, বিগত বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে অর্জুন সিংয়ের পর এবার সৌমিত্র খাঁ-ও নাকি তৃণমূলে ফিরতে চাইছেন। এই প্রসঙ্গে গতকাল সৌমিত্র খাঁ বলেন, “কোনওদিনও ভাববেন না সৌমিত্র খাঁ অন্য কোনও দলে যাবে। প্রয়োজনে মৃত্যুবরণ করব। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছে কোনও দিন মাথা নামাব না। ভাইপোকে জুতো মারতেও রাজি আছি কিন্তু তার অধীনে রাজনীতি করতে নয়”।

বলে রাখি, গতকাল, রবিবার মোদী সরকারের আট বছরের পূর্তি উপলক্ষ্যে রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জে বিজেপির কার্যালয় থেকে একটি পথযাত্রা করেন সৌমিত্র খাঁ। এই পদযাত্রার শেষেই এদিন অভিষেক সম্পর্কে এহেন বিতর্কিত মন্তব্য করেন তিনি।

RELATED Articles

Leave a Comment