মর্ত্যে আসছেন মা দুর্গা। কিন্তু তার আগেও খালি হয়ে গেল এক মায়ের কোল। মহালয়ার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মাটি কাটার যন্ত্র অর্থাৎ জেসিবি পিষে দিল এক স্কুল পড়ুয়াকে। এই ঘটনায় চরম বিক্ষোভ এলাকাবাসীদের। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ।
ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোনীতে। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১১২ নম্বর ওয়ার্ডে চলছিল রাস্তা সারাইয়ের কাজ। মহালয়ের সকালে সেই রাস্তা দিয়েই কোচিং সেন্টারে যাচ্ছিল এক স্কুল পড়ুয়া। সেই সময়ই ঘটে যায় বড় বিপত্তি। জেসিবি পিষে দেয় ওই স্কুল পড়ুয়াকে।
স্থানীয় সূত্রে খবর, ওই স্কুল পড়ুয়া নবম শ্রেণীর ছাত্র। মহালয়ার দিন সকালে হেঁটেই কোচিং সেন্টারে যাচ্ছিল সে। সেই সময় জেসিবির সামনে দিয়ে যাওয়ার সময় আচমকাই তার সামনে এগিয়ে থাকা অংশ ওই পড়ুয়াকে একটি গাছের সঙ্গে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পড়ুয়ার। এই ঘটনার প্রতিবাদে জেসিবিতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। এর জেরে নানান সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কিন্তু স্থানীয় কাউন্সিলর কোনও পদক্ষেপ নেন নি। স্থানীয়দের দাবী, এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলেও তিনি এলাকায় যান নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যতক্ষণ না কাউন্সিলর যাবেন, ততক্ষণ পুলিশকে কোনও কাজ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে অনুমান করা হচ্ছে, জেসিবিতে হয়ত কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল। সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অসতর্কতা বা অসাবধানতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অনুমান। এই ঘটনা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।






