ভোটের সময় আনা কার্বলিক অ্যাসিডের শিশি স্কুলে ফেলে রেখে গেল ভোটকর্মীরা, জল ভেবে অ্যাসিড নিয়ে খেলতে গিয়ে জখম ৬ পড়ুয়া

জল ভেবে অ্যাসিডের শিশি নিয়ে খেলতে গিয়ে ঘটে গেল বড়সড় বিপদ। অ্যাসিড গায়ে পড়ে গিয়ে জখম হল ৬ জন পড়ুয়া। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। সেখানেই চিকিৎসা চলে তাদের। এই ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালে।

কোথা থেকে এল অ্যাসিডের শিশি?

পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে ভোট কর্মীদের জন্য ডিসিআরসি থেকে যে কিট দেওয়া হয়েছিল, তার মধ্যেই ছিল কার্বলিক অ্যাসিডের শিশিও। গ্রামেগঞ্জে ভোট হয়েছে। সেসব জায়গায় পোকামাকড়, সাপখোপের উপদ্রব থেকে বাঁচতেই দেওয়া হয়েছিল ওই অ্যাসিডের শিশি। কিন্তু ভোটগণনার পর সেই অ্যাসিডের শিশিগুলি আর সরান নি ভোটকর্মীরা। স্কুল চত্বরেই তা পড়েছিল।

কী ঘটেছিল?

গত বুধবার খোলে সোনাখালি প্রাইমারি স্কুল।  নির্দিষ্ট সময়ে স্কুলেও যায় পড়ুয়ারা। সেই সময় খেলা করতে গিয়ে কয়েকজন শিশু ওই কার্বলিক অ্যাসিডের বোতলগুলি নিয়ে খেলা শুরু করে।  বোতলে জল ভেবে খেলতে যায় তারা। বন্ধুদের মুখে ছুঁড়ে মারে এক শিশু। মুখে, হাতে তা লেগে পুড়ে যায়। তাদের কান্না শুনে ছুটে আসেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। এই খবর শুনে হইচই শুরু করে দেন তাদের অভিভাবকরা।

জানা গিয়েছে, আহত শিশুদের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুততার সঙ্গে চিকিৎসা শুরু হয় তাদের। এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। স্কুলে নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। তাদের প্রশ্ন, স্কুলেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিজেদের সন্তানদের কীভাবে স্কুলে পাঠাবেন তারা।

এরপরেই সতর্ক হয় স্কুল কর্তৃপক্ষ। তাড়াতাড়ি সরিয়ে ফেলা হয় ভোটকর্মীদের ফেলে যাওয়া কার্বলিক অ্যাসিডের শিশিগুলি। আহত শিশুদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

RELATED Articles