এনসিসি-র অভিজ্ঞতা থাকলেই এবার রয়েছে ভারতীয় সেনায় যোগ দেওয়ার সুযোগ, বেতন ১ লক্ষ পর্যন্ত, এখনই আবেদন করুন

আপনার কী এনসিসি-র অভিজ্ঞতা রয়েছে? তাহলে ভারতীয় সেনায় সহজেই চাকরি পেতে পারেন আপনি। এনসিসি স্পেশ্যাল এন্ট্রি স্কিমে এবার নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনা। সেই প্রেক্ষিতে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ভারতীয় সেনার তরফে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩রা আগস্ট পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বয়সসীমা

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ১৯ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে গেলে আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।

যোগ্যতা

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করতে হবে। স্নাতকের চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের তিন/চার বছরের ডিগ্রি কোর্সের প্রথম দুই/তিন বছরে ন্যূনতম ৫০ শতাংশ মোট নম্বর পেতে হবে। এছাড়াও এনসিসি-এর সিনিয়র ডিভিশন/উইংয়ে ন্যূনতম ৩ শিক্ষাবর্ষের জন্য কাজ করা উচিত। এনসিসি-র ‘সি’ সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম একটি B গ্রেড প্রাপ্ত হওয়া উচিত। কেবলমাত্র অবিবাহিত যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন।

শূন্যপদ

শর্ট সার্ভিস কমিশনের অধীনে পুরুষ ও মহিলা নিয়োগ করবে ভারতীয় সেনা। মোট শূন্যপদ ৫৫টি রয়েছে। এর মধ্যে ৫০ জন পুরুষ এবং ৫ জন মহিলা নিয়োগ করা হবে।

কাজের মেয়াদ

সুযোগ পাওয়া প্রার্থীদের চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এই সময় প্রবেশনে থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ১৪ বছরের মেয়াদে নির্বাচন করা হবে। কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের যাবতীয় তথ্য ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in-তেও পাওয়া যাবে।

বেতন

প্রার্থীদের ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা বেতন হতে পারে।

কীভাবে আবেদন করবেন

প্রার্থীদের অনলাইনে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। অন্য কোনও পন্থায় আবেদন নেওয়া হবে না। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩রা আগস্ট।

আরও অন্যান্য খবর