পথকুকুরদের আক্রমণের জেরে মৃত্যুর খবর প্রায়ই এখন শোনা যায় দেশের নানান প্রান্ত থেকে। ফের এমনই এক খবর এল। আড়াই বছরের একরত্তির মৃত্যু হল পথকুকুরদের আক্রমণের জেরে।
কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে গুজরাতের মোরবি শহরের মাটেল রোড এলাকায়। ওই এলাকায় সেরামিক কারখানায় কাজ করা এক দম্পতির শিশু ওই আড়াই বছরের একরত্তি। সেখানকার এক বস্তিতেই থাকত। গত মঙ্গলবার বিকেলে বাড়ির সামনেই একদল কুকুর ওই শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে বলে জানা গিয়েছে। আশেপাশের সকলে সেই সময় ছুটে এসে বাচ্চাটিকে ছাড়িয়ে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। কিন্তু চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কেস ফাইল করে তদন্ত শুরু হয়েছে। কুকুরের কামড়ে শিশুমৃত্যুর ঘটনা দেশে যেন ক্রমেই বাড়ছে। কিছুদিন আগেই রাজস্থানের বুন্দিতে পথকুকুরের আক্রমণে এক ১২ বছরের ছেলের মৃত্যু হয়। বাড়ির কাছে একটি ফাঁকা জায়গায় কয়েকটি কুকুর ঘিরে তাকে ধরে কামড়াতে শুরু করে। মহারাষ্ট্র থেকেও গত ৬ মাসে ৬৪২৭টি কুকুর কামড়ের ঘটনা রিপোর্ট হয়েছে।
বেড়েই চলেছে কুকুরের কামড়ে মৃত্যু
প্রায় এক বছর ধরে কুকুর কামড়ে মৃত্যুর এমন বশ কিছু ঘটনা সামনে এসেছে যা সত্যিই ভয় পাওয়ানোর মতোই। কোনও অভিজাত আবাসনের কোনও পোষা কুকুরও কখনও কাউকে কামড়ানোর খবর মেলে তো কখনও আবার রাস্তার কুকুর ছোট্ট শিশুকে কামড়ে ধরেছে, এমন খবর পাওয়া যায়।
ইতিমধ্যেই নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় বহু আবাসনে পোষ্য কুকুরের মুখে মাস্ক পরানো বাধ্যতামূলক করা হয়েছে। কুকুর যাতে কামড়ে দিতে না পারে, সেই কারণেই এমন ব্যবস্থা। কলকাতাতেও অনেক সোসাইটি বা অ্যাপার্টমেন্টে এই নিয়ম চালু হয়েছে।





