অন্তর্কলহ? নন্দীগ্রামের সমবায়ে গোহারা হার বিজেপির, শুভেন্দুর পরাজয়ে খুশির হাওয়া গেরুয়া শিবিরের অন্দরেই

কৃষি সমবায় নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে গোহারা হেরেছে বিজেপি (BJP)। আর এর জেরে বিরোধী নয়, বরং খুশির হাওয়া লেগেছে বিজেপির অন্দরেই। দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) শিবিরে বিশেষ করে উল্লাস জেগেছে। রাজ্য কমিটির অধিকাংশ নেতাই শুভেন্দুর তীব্র সমালোচনা করেছেন। বিরোধী দলনেতার উদ্যোগে বাম-রাম জোট করিয়েও হার হওয়ায় বিজেপির ভাবমূর্তির ক্ষতি হয়েছে বলেন দাবী রাজ্য নেতাদের।

দিলীপ ঘোষের ঘনিষ্ঠ এক রাজ‌্য নেতা প্রকাশ্যেই বলেন, “দল ও সংগঠন বাদ দিয়ে শুধু ব‌্যক্তিকেন্দ্রিক (শুভেন্দুকে ঘিরে) রাজনীতি করতে গিয়েই নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় ভোটে বিজেপি হারছে। এতদিন ধরে যেভাবে নন্দীগ্রামকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে তা যে পুরো শূন‌্য কলসি তা সমবায় ভোটে প্রমাণ হয়ে গেল। বিরোধী দলনেতার ক‌্যারিশমা যে পুরো তলানিতে তা তথাকথিত বিজেপির ভোটব‌্যাঙ্ক ছিল এমন গ্রামে পদ্মশিবিরের ১২-০ ফলে হার গোটা বাংলায় প্রভাব ফেলবে”।

রাজ‌্য কমিটির এক প্রবীন ও আদি বিজেপি নেতা নাম না করে সরাসরি শুভেন্দুকে কটাক্ষ করেন। তিনি বলেন, “মুখে শুধু বড় বড় কথা, তারিখ দিয়ে হুংকার মারলেও নিজের কেন্দ্রেই পার্টির পতাকা ধরে রাখতে পারছেন না। মিথ‌্যা আশ্বাস ও কথার ফুলঝুরি ছুটিয়ে দিল্লির দু’একজন শীর্ষ নেতাকে তুষ্ট করে বেশিদিন বিরোধী নেতার পদ যে ধরে রাখা যাবে না তা নন্দীগ্রামের ফলে বোঝা গিয়েছে”।

অবশ‌্য সুকান্ত মজুমদারের অনুগামী এক বিধায়ক এদিন স্পষ্ট অভিযোগ করে বলেন, “নিজের ঘর সামলাতে পারছে না আবার সুকান্তদার চেয়্যার নিয়ে টানাটানি করছিল। পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের দুই ব্লকে পদ্ম প্রতীক বাঁচাতে এখনই মুখ বন্ধ করে বিরোধী দলনেতার এলাকায় থাকা উচিত”।

নিজের দল ও সংগঠনের উপর ভরসা না করে ও আরএসএস-কে উপেক্ষা করে কংগ্রেস ও বামেদের সঙ্গে জোট বেঁধে সমবায় নির্বাচনে লড়ার কারণ সমালোচিত হয়েছেন বিরোধী দলনেতা। মুরলীধর সেন লেনের বৈঠকে অংশ নেওয়া এক প্রবীন নেতার কথায়, “জেলায় নিচুতলায় রাম-বাম জোট গেরুয়া ভোটব‌্যাংকের যথেষ্ট ক্ষতি করছে। তবে পুরানো নেতাদের উপেক্ষা করে হার আটকাতে শুভেন্দুর নেতৃত্বে রাম-বাম জোট গড়া নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ আসছে পূর্ব মেদিনীপর জেলা থেকে। এই জোট গড়েও তো নন্দীগ্রামে হার আটকাতে পারল না”।

অন্যদিকে আবার, ১২-০ ফলাফলে নন্দীগ্রামের ভেটুরিয়া কৃষি সমবায়ের ভোটে শুভেন্দুর গোহারা নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রামের মানুষকে কিছুদিনের জন‌্য বিভ্রান্ত করা শুভেন্দুর পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গিয়েছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস জোট করেও কৃষি সমবায় ভোটে শূন‌্য হয়ে পদ্মশিবির। আর হারছে বুঝতে পেরেই মরিয়া হয়ে বহিরাগত দুষ্কৃতিদের নন্দীগ্রামে ঢুকিয়ে হামলা করেও ভোকাট্টা হয়েছ গিয়েছে লোডশেডিংয়ে জেতা বিধায়ক”।

RELATED Articles