কংগ্রেস-সিপিএম যাঁকে সমীহ করে চলছে তাঁকেই এবার তীব্র কটাক্ষ করলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক তথা জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ্ চৌধুরী। বললেন পুকুরে সাঁতার কাটতে পারে না, আবার ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দেখছে! নাম না করে এইভাবেই আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকীকে কটাক্ষ করলেন তিনি l
বৃহস্পতিবার বর্ধমানে তিনি আরও ঘোষণা করেন, এবারের নির্বাচনে আর মঙ্গলকোট থেকে প্রার্থী হতে চান না।
শাসকদলের বিতর্কিত মন্ত্রী অনুব্রত মণ্ডলের সঙ্গে সিদ্দিকুল্লাহ্ চৌধুরী সাপে-নেউলে সম্পর্কের কথা বঙ্গ রাজনীতিতে সবাই জানে।
বর্ধমানে নির্বাচনের না দাঁড়ানো প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ পরোক্ষভাবে অনুব্রত মণ্ডলকে দায়ী করে বলেন, “আমি মঙ্গলকোট কেন্দ্রে আর দাঁড়াব না। আমাদের সর্বোচ্চ নেত্রীকে তা সরাসরি জানিয়েছে। দলের আরও শীর্ষ নেতাদের জানিয়েছি, ৫ বছর ওখানে আমার দায়িত্ব পালন করেছি। ওখানকার মাটি উত্তপ্ত, সেটাও বলেছি। ওখানকার মাটি গরম। মেজাজ গরম। আর বীরভূম থেকে এই গরমটা খাওয়ানো হয়।”
বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সম্প্রতি সিদ্দিকুল্লাহ চৌধুরী দ্বন্দ্বে জড়িয়েছেন। একে অপরের বিরুদ্ধে উষ্মাপ্রকাশের জন্য বাকযুদ্ধেও নেমে পড়েছেন। এরপরই মঙ্গলকোটের মাটিকে অশান্ত করার জন্য নাম না করে অনুব্রতকে দায়ী করলেন তিনি। তবে সিদ্দিকুল্লাহ চৌধুরী এও জানিয়েছেন, তৃণমূল নেত্রী তাঁকে যেখানে প্রার্থী করবেন, সেখানেই তিনি লড়বেন।





