ধেয়ে এল কালবৈশাখী ঝড়, হল শিলাবৃষ্টি!

ভোটের উত্তাপ গ্রীষ্মের তীব্র উষ্ণতা মিলে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। সেই দমবন্ধকর পরিস্থিতি থেকেই এবার সাময়িক মুক্তি মিলতে পারে। রাজ্যবাসীকে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ রাজ্যে জোড়া নির্বাচনী প্রচার রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অতিরিক্ত উত্তাপ ছড়াতে আসছেন প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ‌ও। আর সেই দিনেই কালবৈশাখীও আসতে পারে বলে জানাল আবহাওয়া দপ্তর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি‌ও।

বেশ কিছুদিন ধরে বেজায় গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়লেও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলোতে। রবিবার কালবৈশাখীর সম্ভাবনা আরও বাড়বে। ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ে শনিবার সামান্য বৃষ্টি হলেও আগামী দুদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আন্দামান সাগরে অবস্থান করছে। পরবর্তীতে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে মায়ানমার উপকূলে যাবে। পরবর্তীতে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে এই নিম্নচাপের সঙ্গে ঝোড়ো হাওয়া থাকায় সমুদ্র ইতিমধ্যে উত্তাল হয়ে রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত আন্দামান সাগরে মৎস্যজীবীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

RELATED Articles