চলছিল রাজনৈতিক সভা। প্রচুর মানুষের ভিড়। পা গলানোর জায়গা নেই। নানান দল থেকে মানুষ এসেছে তৃণমূলে যোগ দেবেন বলে। এই সভায় উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের মন্ত্রী। এই সময়ই ঘটল বিপদ। হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ। চোট পেলেন মন্ত্রী। আহত কিছু সাংবাদিকও।
আজ শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে একটি যোগদান কর্মসূচি আয়োজন করেছিল তৃণমূল। এদিনের এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও ছিলেন জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে সহকারি সভাধিপতি ললিতা টিগ্গা। মন্ত্রীর দাবী, এই অনুষ্ঠানে প্রায় ১২ হাজারের মতো বামকর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।
এদিন বিপ্লববাবু বলেন, “প্রায় ১২ হাজারের বেশি মানুষ বাম-ডান সমস্ত দল থেকে এসে তৃণমূলে যোগ দিলেন। আমার মনে হয় এই প্রথম এত বড় সংখ্যক মানুষ যোগ দিলেন তৃণমূলে”।
অনুষ্ঠানের শেষের দিকেই বাঁধে বিপত্তি। সেই সময় সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করার জন্য মঞ্চে উঠে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন মন্ত্রী। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। ভিড়ের চাপেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এর জেরে চোট পান মন্ত্রী বিপ্লব মিত্র। তাঁর পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। কিছু সাংবাদিকরাও চোট পেয়েছেন বলেন খবর।
এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটি পৃথীবির আশ্চর্য ঘটনা। কারণ বাম দলেই বারো হাজার কর্মী এখন নেই। থাকলে এত কম ভোট পেত না। তপনে মাত্র পাঁচ হাজার ভোট পেয়েছে আরএসপি। অথচ বলা হচ্ছে নাকি বারো হাজার মানুষ যোগদান করল বিজেপিতে। আমার মনে হয় এখানে মিথ্য়ে কিছু সংখ্যা বলা আছে। আর বিজেপি থেকে কোনও বড় নেতা যোগদান করেনি তৃণমূলে। অন্তত তেমনটাই খবর আছে। একই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন”।
অন্যদিকে আহত মন্ত্রী বিপ্লব মিত্র জানান, “কেউই তেমন জখম হননি। প্রত্যেকেই সুস্থ আছেন। আসলে এত বড় একটা সভা হচ্ছিল। প্রায় বারো হাজার মানুষ বিভিন্ন দল থেকে এসে যোগদান করছিল। সেই সময় হঠাৎ ভিড়ের চাপে দুর্ঘটনাটি ঘটে যায়। তবে চিন্তার কিছু বিষয় নেই আমরা প্রত্যেকে সুস্থ আছি”।






