এবার নবান্নের তরফে রেলের বিরুদ্ধে অভিযোগ উঠল। রাজ্যের বক্তব্য যে, তাদের সাথে আলোচনা না করেই পরিযায়ীদের রাজ্যে পাঠিয়ে দিচ্ছে রেল। যার জন্য রাজ্যে সংক্রামিতের সংখ্যা দিন দিন বাড়ছে। এ বিষয়ে রাজ্যের আপত্তি থাকা সত্ত্বেও ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন রাজ্যে আসছে।
নবান্ন থেকে পাওয়া খবর অনুসারে, ইতিমধ্যেই মহারাষ্ট্র থেকে ৩০টি ট্রেন এ রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক ট্রেনে প্রায় ১৬০০ থেকে ১৭০০ জন যাত্রী আসছেন। অর্থাৎ ৩০টি ট্রেনে মোট প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মানুষ এরাজ্যে আসছেন। মহারাষ্ট্র এখন করোনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে যাঁরা আসছেন, তাঁদের মধ্যে ৬০ শতাংশ-ই আক্রান্ত ব্যক্তি। যার ফলে এ রাজ্যেও করোনা সংক্রামণের সংখ্যা বাড়ছে।
নবান্ন অভিযোগ করেছে, বারবার রেলকে বলা হয়েছে রাজ্যকে না জানিয়ে ট্রেন না পাঠাতে। কিন্তু রেল তা কিছুতেই মানছে না। প্রসঙ্গত গত বুধবার আমফানের মতো বিধ্বংসী ঝড়ের মুখে পড়েছিল বাংলা। যার মাশুল এখনো গুনে চলেছে সাধারণ মানুষ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রাজ্য এখন ত্রাণ ও পুনর্বাসন এবং পুনর্গঠনের কাজে ব্যস্ত। এরই মধ্যে যদি পরিযায়ী শ্রমিকরা করোনা আক্রান্ত হয়ে রাজ্যে চলে আসে তবে সমস্যা আরও বাড়বে। তাই রেলকে জানানো হয়েছিল। কিন্তু রেল সেসবে কর্ণপাত করছেনা। তাই সব মিলিয়ে এবার তুঙ্গে উঠেছে রেল-রাজ্য সমস্যা।





