আর জি কর কাণ্ড নিয়ে এই মুহূর্তে রাজ্য উত্তাল। এই ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ারই। এরই মধ্যে কিছুদিন আগেই সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়িয়েছে রাজ্য সরকার। আর এবার ফের বাড়ানো হল সিভিক ভলান্টিয়ারদের ভাতা। তাদের অবসরকালীন ভাতা অনেকটাই বাড়াল রাজ্য সরকার।
এই বিষয়ে আজ, ২৮ আগস্ট নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিএর অধীনে যে সমস্ত সিভিক ভলান্টিয়ার রয়েছেন, তারা সকলেই এই অবসরকালীন বর্ধিত ভাতার সুবিধা পাবেন। ভিলেজ পুলিশের ক্ষেত্রেও এই সুবিধা দেবে রাজ্য সরকার, এমনটাই জানানো হয়েছে।
এর আগে ২০২০ সালে ঘোষণা করা হয়েছিল, ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করলে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ কর্মীরা এককালীন ৩ লক্ষ টাকা অবসরকালীন ভাতা পাবেন। সেই ভাতা বাড়ানোর দাবী উঠেছে একাধিকবার। তা নিয়ে আলোচনাও করা হচ্ছিল। এবার তা বাড়ানো হয়েছে।
এবার একলাফে ৪০ শতাংশ বাড়ানো হল অবসরকালীন ভাতা। এবার থেকে সিভিক ভলান্টিয়াররা অবসরকালীন ভাতা হিসেবে পাবেন ৫ লক্ষ টাকা, এমনটাই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন খবরে যে পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের মধ্যে বেশ খুশির হাওয়া, তা বলাই বাহুল্য।
কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসের মধ্যে একটা বৈষম্য ছিল। তা নিয়ে অনেকবার জানানোও হয়েছে সরকারকে। সেই বৈষম্য কিছুদিন আগেই দূর করে সরকার। গত বছর থেকে দু’ধরণের সিভিক ভলান্টিয়ারদের জন্য ৫৩০০ টাকা বোনাস দেওয়া হচ্ছে। এই বছর থেকে সেই বোনাস ৭০০ টাকা বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়। ভিলেজ পুলিশরাও চলতি অর্থবর্ষে ৬ হাজার টাকা পুজো বোনাস পাবেন বলে জানানো হয় নবান্নের তরফে।
বলে রাখি, আর জি করের ঘটনায় অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। এছাড়াও, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে অভিযোগের অন্ত নেই। অনেকেরই অভিযোগ, তারা শাসক দলের ক্যাডার হিসেবে কাজ করে। যদিও এই দাবীকে সম্পূর্ণ উড়িয়ে নবান্নের তরফে জানানো হয়েছে, সিভিক ভলান্টিয়াররা নিষ্ঠার সঙ্গেই কাজ করেন। এবার পুজোর বোনাসের সঙ্গে বাড়ানো হল তাদের অবসরকালীন ভাতাও।






