আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ, মঙ্গলবার রয়েছে নবান্ন অভিযান। এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে নবান্ন ও সংলগ্ন এলাকা। এরই মধ্যে শোনা যায় এই অভিযানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৪ ছাত্রনেতার খোঁজ মিলছে না মধ্যরাত থেকেই। এবার তাদের হদিশ মিলল। ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
এই ৪ ছাত্র হাওড়ায় স্বেচ্ছাসেবকদের খাবারের প্যাকেট বিতরণ করার দায়িত্বে ছিলেন বলে জানা যায়। কিন্তু হঠাৎ করেই খোঁজ মিলছিল না তাদের। ফোনেও কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছিল না তাদের সঙ্গে, এমনটাই খবর মিলেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চার আন্দোলনকারীর গ্রেফতারির আশঙ্কা করেছিলেন।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু জানিয়েছেন, এই চার আন্দোলনকারীর নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। শুভেন্দুর হুঁশিয়ারি দেন, যদি এই চারজন ছাত্রের কিছু হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাঁর সেই আশঙ্কাই সত্যি হল। ৪ ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
কেন এই গ্রেফতারি?
এই ঘটনায় পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে চার ছাত্রনেতাকে তারাই গ্রেফতার করেছে। পুলিশের দাবী, এই চারজন নাকি নবান্ন অভিযানে খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন। সেই কারণে শান্তি রক্ষার জন্যই তাদের গ্রেফতার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া পোস্টে পুলিশ জানায়, “গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন।সত্যিটা হল, কেউ নিখোঁজ নন।ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন এবং খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে, এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওযা হয়েছে”।
বলে রাখি, নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে নবান্ন ও সংলগ্ন এলাকা। নানান জায়গায় গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে লাঠিধারী পুলিশ। নবান্নের সামনে রয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স। নবান্নের চারিদিকে এদিন সকাল থেকেই টহল দিচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। নবান্নের আশেপাশের গলিতেও কড়া নজরদারি। মিছিল যাতে ছোটো ছোটো ভাগে ভাগ নবান্ন চত্বরে পৌঁছতে না পারে, সেই কারণে প্রধান সড়ক ছাড়া গলিতেও চলছে কড়া নজরদারি। এই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে পারে বলেও আশঙ্কা।






