উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা! পরীক্ষার্থীদের ‘গুণ্ডাগিরি’ ঘিরে তোলপাড় মালদহ!

রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষার প্রথম দিন থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে ছাত্রদের উত্তেজনা নজরে এসেছে বিভিন্ন জায়গায়। কিন্তু মালদহে যা ঘটল, তা নজিরবিহীন। পরীক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষিকাদের উপর শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে পরীক্ষাকেন্দ্রে। শিক্ষকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

মালদহের চামাগ্রাম হাইস্কুলে ঘটে যাওয়া এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে। পরীক্ষার আগে শিক্ষার্থীদের তল্লাশির সময় উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, একদল পরীক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের রাগ গিয়ে পড়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপর। পরিস্থিতি সামাল দিতে পুলিশের হস্তক্ষেপ করতে হয়। যদিও এখনও স্পষ্ট নয়, কেন পরীক্ষার্থীরা এতটা আগ্রাসী হয়ে উঠল এবং ঠিক কী ঘটেছিল, যা এই সংঘর্ষের রূপ নিল।

সূত্রের খবর, ওই স্কুলে তিনটি আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পরীক্ষা হচ্ছিল। সকাল থেকেই নিরাপত্তার স্বার্থে পরীক্ষার্থীদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি চালানো হয়। অভিযোগ, এই তল্লাশি নিয়েই পরীক্ষার্থীদের একাংশের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরীক্ষার্থীদের একটি দল আচমকাই স্কুলের টিচার্স রুমে চড়াও হয়। অভিযোগ, সেখানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মারধর করা হয়। কয়েকজন শিক্ষক ও শিক্ষিকা রীতিমতো শারীরিক হেনস্থার শিকার হন।

এই ঘটনার পর পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। আহত শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয় পরীক্ষাকেন্দ্রে, যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়। তবে অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ বুধের সোজা চলনে খুলছে সৌভাগ্যের দরজা! এই ৫ রাশি পেতে পারে অর্থ, গাড়ি, বিদেশযাত্রার সুযোগ!

ঘটনার পর শিক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আহত শিক্ষকদের সঙ্গে দেখা করে তাঁদের আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি, অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এমনকি, যেসব স্কুলের ছাত্ররা এই ঘটনায় জড়িত, তাদের অনুমোদন বাতিলের ভাবনাও চলছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন এবার আরও কঠোর হবে বলে জানিয়েছে শিক্ষা সংসদ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles