এখানেও দুর্নীতি? টাকা দিলে তবেই মিলবে সরকারের সবুজ সাথী সাইকেল, রাজগঞ্জের স্কুলের ঘটনায় তুমুল শোরগোল

রাজ্য সরকার ইতিমধ্যেই নানান দুর্নীতিতে বিদ্ধ হয়ে রয়েছে। এবার আরও এক ঘটনা প্রকাশ্যে এল। রাজ্য সরকারের প্রকল্পের সবুজ সাথী সাইকেল নেওয়ার জন্য নাকি টাকা দিতে হচ্ছে। এমন ঘটনায় বেশ শোরগোল পড়েছে ওই এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রাজগঞ্জ ব্লকের শীতগ্রাম হাইস্কুলে।

সবুজ সাথী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প বলা যায়। এই প্রকল্পে শুধুমাত্র বাংলাই নয়, গোটা দেশে বেশ জনপ্রিয়। এই প্রকল্পে স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয় যাতে তাদের যাতায়াতে কোনও সমস্যা না হয়। কিন্তু এবার এই প্রকল্পেও উঠল দুর্নীতির অভিযোগ। সবুজ সাথীর সাইকেলের জন্য পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে টাকা।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার রাজগঞ্জ ব্লকের শীতগ্রাম হাইস্কুলে সবুজ সাথীর সাইকেল বিলি করা হচ্ছে। কিন্তু অভিযোগ, সেই সাইকেল নেওয়ার জন্য পড়ুয়াদের থেকে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে স্কুলের তরফে। তা নাহলে সাইকেল পাবে না পড়ুয়ারা। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ হইচই পড়েছে সংশ্লিষ্ট এলাকায়।

এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধীরা। জানা গিয়েছে, স্কুলের শর্ত মেনে ইতিমধ্যেই অনেক পড়ুয়া টাকা দিয়েই সাইকেল নিয়েছে। তা নিয়ে ক্ষোভ জারি করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, সবুজ সাথীর সাইকেল পাওয়ার জন্য প্রত্যেক পড়ুয়াদের থেকে ৫০ টাকা করে নিচ্ছে স্কুল। ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা অধিকাংশই দিনমজুর। ফলে এই টাকা অনেকের পক্ষেই দেওয়া সম্ভব হচ্ছে না। অভিভাবকদের অভিযোগ, এই নিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কনব লাভ হয়নি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিউ দাস এই টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এই বিষয়ে তাঁর যুক্তি, সেবাগ্রাম উচ্চ বিদ্যালয় ও প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে সাইকেলগুলি আনার জন্য পূর্বতন পরিচালন কমিটির কথা অনুযায়ী পরিবহন খরচ বাবদ পড়ুয়াদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে।

এই গোটা ঘটনার অভিযোগ ইতিমধ্যেই রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মণ্ডলকে জানানো হয়েছে। তিনি এই বিষয়ে বলেন, কোনও সরকারি প্রকল্পে এইভাবে টাকা নেওয়া যায় না। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানানোর বলে আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি তিনি এও জানান যে এই বিষয়ে সরেজমিনে তদন্ত করা হবে।

RELATED Articles