গতকাল, মঙ্গলবারই পরীক্ষায় পিচবোর্ড নিয়ে টুকলির দাবী তুলে ভাঙচুর চালায় পড়ুয়ারা। এর জেরে আজ, বুধবার পরীক্ষাকেন্দ্রে পিচবোর্ড নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় পড়ুয়াদের। আর এর জেরেই রণমূর্তি ধারণ করল মুর্শিদাবাদের রানিনগরের শেখপাড়ার জিডি কলেজের পড়ুয়ারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পরে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার সূত্রপাত গতকাল, মঙ্গলবার। কলেজের এক অধ্যাপক মহম্মদ কাতেমন জানান, এদিন সুষ্ঠুভাবেই পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু শেষের দিকে হঠাৎ করেই পরীক্ষার্থীরা সঙ্গে থাকা পিচবোর্ড দিয়ে কলেজের সিসি ক্যামেরা ভাঙচুর করে। চেয়ার, টেবিল, বেঞ্চ কিছুই বাদ দেয়নি।
কিন্তু কী কারণে এমন করল তারা? পড়ুয়াদের দাবী ছিল তাদের বই খুলে লিখতে দিতে হবে। কোনওরকম গার্ডও দেওয়া চলবে না। এমন দাবীকে কেন্দ্র করেই বিশৃঙ্খলা তৈরি হয়। এই ঘটনার জেরেই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে পরীক্ষা হলে আর পিচবোর্ড নিয়ে ঢুকতে দেওয়া হবে না। সেটা বোর্ডের নিয়মের মধ্যেও পড়ে। আর আজ, বুধবার কলেজের সেই সিদ্ধান্তের কারণেই ক্ষেপে যায় পড়ুয়ারা।
পরীক্ষা কেন্দ্রে পিচবোর্ড নিয়ে ঢুকতে না দেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। তাদের কথায়, “লকডাউনের পর সেভাবে পড়াশোনার সুযোগ পাওয়া যায়নি। সেই পরিস্থিতিতে আমরা পরীক্ষা দিতে এসেছি। কিন্তু এখানকার সেন্টারের শিক্ষকেরা পরীক্ষা হলে ঘাড় ঘোরাতে দিচ্ছেন না। এমনভাবে পাহাড়া দিচ্ছেন, জানা উত্তর ভুল হয়ে যাচ্ছে”।
জানা যাচ্ছে, এদিনের এই বিক্ষোভের জেরে অনেক পড়ুয়াই পরীক্ষায় বসতে পারে নি। কলেজ সূত্রে খবর, পরীক্ষার্থীর সংখ্যা ২২৯ জন। কিন্তু এদিন পরীক্ষা দিয়েছেন মাত্র ৭৯ জন। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের হটকারী সিদ্ধান্তের কারণেই তারা পরীক্ষায় বসতে পারে নি।





