‘কপালে গুলি করতাম’ মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে অভিযোগ, ‘পুলিশ অভিযোগ নিচ্ছে না অভিষেকের বিরুদ্ধে’, দাবী সুকান্তর

নবান্ন অভিযানের পরদিন বিজেপি কর্মীদের উদ্দেশে গুলি চালানো নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সেই মন্তব্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে গেল, পুলিশ সেই অভিযোগ নেয় নি, এমনটাই দাবী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই কারণে এবার ব্যাঙ্কশাল কোর্টে অভিষেকের বিরুদ্ধে এফআইআই করার অনুমতি চাইলেন সুকান্ত।

আজ, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে সুকান্তর আইনজীবীরা জানান যে জোড়াসাঁকো থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গেলে ফিরিয়ে দেওয়া হয়। ডেপুটি কমিশনার অফ পুলিশও এই বিষয়ে নির্বাক। এই কারণে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। সুকান্তর আইনজীবীরা জানান যে তারা ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ও ৫০৬-সহ একাধিক ধারায় মামলা করতে চান অভিষেকের বিরুদ্ধে।

এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “এ সব আসলে বিতর্ক তৈরি করে প্রচারে থাকার চেষ্টা। কিন্তু রাজ্য বিজেপির ট্রেনি সভাপতি কি ভুলে গেলেন, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে করা সায়ন্তন বসুর মন্তব্য? তিনি তো বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে বলছি বুক লক্ষ্য করে গুলি চালান। কিংবা দিলীপ ঘোষের করা মন্তব্য— উপর থেকে ছ’ইঞ্চি নামিয়ে দেব? তিনি কি ভুলে গেলেন অনুরাগ ঠাকুরদের বক্তব্য— দেশ কি গদ্দারও কো, গোলি মারো শালো কো? কিন্তু অভিষেক তো সাধারণ মানুষকে বলেননি। উনি দুষ্কৃতীদের কথা বলেছেন। যারা লাঠি-রড নিয়ে পুলিশকে আক্রমণ করেছে, তাদের খুন করতে যাচ্ছে, তাদের কথা বলেছেন। পুলিশ যে সংযম দেখিয়েছে তার প্রশংসা করে বলেছেন। সেটা না বুঝে ট্রেনি সভাপতি নাটক করতে যদি চান তো করুন”।

বলে রাখি, গত ১৪ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের পরদিন এসএসকেএম হাসপাতালে অভিযানে আহত হওয়া পুলিশ কর্তাকে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিজেপি নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করে অভিষেক বলেছিলেন, “ওঁরা অনেক সহ্যশক্তি দেখিয়েছেন, আমি থাকলে এখানে (কপালে হাত ঠেকিয়ে) গুলি করতাম”।

তাঁর সেই মন্তব্যের ১৫ দিন পর তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতে গেলেন সুকান্ত মজুমদার। আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে জানান আজ, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে অভিষেকের ওই গুলি মন্তব্য নিয়ে মামলা করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে সাংসদ শান্তনু সেন বলেন, “রাজনীতিতে এঁটে উঠতে না পেরে বিজেপি এর আগেও কোর্ট কাছারি, ইডি, সিবিআইয়ের দ্বারস্থ হয়েছে। এখনও তারা সেই চেষ্টাই করছে”।

RELATED Articles