‘মমতা একজন স্ট্রীট ফাইটার, বেশ লড়তে হয়েছে ওকে’, মেনে নিলেন সুকান্ত, হঠাৎ কেন উল্টো সুর বিজেপি নেতার গলায়?

এমনিতে নানান সময় তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান সমালোচনা করতেই শোনা যায় বিজেপির রাক্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে। তবে হঠাৎই যেন ভোলবদল। মমতার লড়াই সম্পর্কে কথা বললেন তিনি। এক বেসরকারি সংবাদমাধ্যমে তিনি কার্যত মেনে নিলেন যে মাঠে নেমে লড়াইটা তৃণমূল সুপ্রিমো বেশ ভালোই পারেন।

বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান সম্পর্কে সকলেই জানেন। বিরোধী হিসেবে তাঁর লড়াই সকলে দেখেছেন। সেই মমতার বিরুদ্ধেই এখন সরাসরি লড়াইতে নেমেছে গেরুয়া শিবির। মমতাকে টেক্কা দেওয়ার মতো কোনও নেতা বা নেত্রী কী বঙ্গ বিজেপিতে আদৌ রয়েছে, এমন প্রশ্ন উঠেই থাকে মাঝে মাঝে। তবে এই বিষয়ে সুকান্তর মত, বিজেপি কোনও ব্যক্তি নির্ভর দল নয়। ব্যক্তি নির্ভর হওয়ার দরকার নেই।

বঙ্গ বিজেপির প্রচারে মোদীর মুখ নিয়ে প্রশ্ন

এবার প্রশ্ন উঠতেই পারে তাহলে বঙ্গ বিজেপির প্রচারে কেন মোদীর মুখ ব্যবহার করা হয়? এই প্রশ্নে সুকান্তর সপাটে জবাব, “মোদী আমাদের প্রধানমন্ত্রী। গোটা বিশ্ব তাঁকে সবথেকে সফল প্রধানমন্ত্রী বলে উল্লেখ করছে। কোনও ব্যক্তি নয়, মোদী আদর্শের পুঞ্জিভূত রূপ”।

সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঠে নেমে লড়াই করার ক্ষমতাকে মান্যতা দিয়েছেন বটে, তবে তাঁর ‘লার্জার দ্যান লাইফ’ ভাবমূর্তি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েন নি। এই বিষয়ে তিনি বলেন, “মমতাকে লড়তে হয়েছে। লার্জার দ্যান লাইফ ভাবমূর্তি তৈরি করতে হয়েছে। তার জন্য অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয়েছে। এখন সে সব ধরা পড়ে যাচ্ছে”।

তৃণমূলের সমালোচনা সুকান্তর গলা

এদিন একই সঙ্গে আবার তৃণমূলের সমালোচনা করে সুকান্ত বলেন, “যে দলের আদর্শ নেই, গঠনতন্ত্র নেই। সেই দলকে ব্যক্তি নির্ভর হতে হয়। তাদের অনেক ভনিতা করতে হয়। আমাদের দলের ব্যক্তি নির্ভর হওয়ার দরকার নেই”।

RELATED Articles