ফের মা উড়ালপুলে চীনা মাঞ্জার জেরে গুরুতর আহত হলেন এক বাইল চালক। গলায় সুতোর টান লেগে গভীর ক্ষত হয়েছে তাঁর। ওই ব্যক্তির নাম আরিফ। মাথায় হেলমেট থাকার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ওই বছর চল্লিশের ব্যক্তি।
কী ঘটেছিল ঘটনাটি?
জানা গিয়েছে, ওই ব্যক্তি পিকনিক গার্ডেনের বাসিন্দা। আজ, মঙ্গলবার সকালে মা উড়ালপুল ধরে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকের গতি স্বাভাবিকই ছিল। আচমকাই গলায় সুতোর টান লাগে ওই ব্যক্তির। কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি।
তবে হেলমেট থাকায় সেভাবে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি তাঁর। আশেপাশের গাড়িচালকরা এসে উদ্ধার করে ব্যক্তিকে। ওই ব্যক্তি কিছুক্ষণ পর নিজেই উঠে ওই চীনা মাঞ্জা ছিঁড়ে ফেলেন। গলায় ক্ষত হয়েছে ওই ব্যক্তির। হাঁটুতেও বেশ চোট পেয়েছেন তিনি।
মা উড়ালপুলে এমন চীনা মাঞ্জার জেরে দুর্ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। গত জানুয়ারি মাসেই এক বাইক চালক এমনভাবে চীনা মাঞ্জার কারণে মা উড়ালপুলেই আহত হন। বাইক থেকে পড়ে গিয়ে ডান চোখে মারাত্মক আঘাত পান তিনি। চীনা মাঞ্জার কারণে প্রশাসনের তরফেও সতর্কতা জারি করা হয়েছে।
কী পদক্ষেপ নিয়েছে প্রশাসন?
গত বছর লালবাজারের তরফে এই ঘটনায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে প্রত্যেক ডিভিশনে নির্দেশ পাঠানো হয়। যে সমস্ত এলাকায় ঘুড়ি ওড়ানোর প্রবণতা বেশি, সেসব জায়গায় ড্রোন উড়িয়ে নজরদারি করার কথা জানানো হয়। শহরের নানান উড়ালপুলেই ঘুড়ির এই কাটা সুতো চিহ্নিত করতে মোতায়েন করা হয় পুলিশ।






