West Bengal : দাগিদের জেরা কোথায়? এসএসসি কেলেঙ্কারিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভে সুপ্রিম কোর্ট, রাজ্যকেও কড়া ভর্ৎসনা!

২০১৬ সালের শিক্ষক নিয়োগের অনিয়ম নিয়ে বিতর্ক যেন থামছেই না। দীর্ঘদিন ধরে এই মামলায় একের পর এক রায় ও নির্দেশ এসেছে আদালত থেকে। কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর মিলছে না। বিশেষ করে ‘দাগি’ বা বেআইনি ভাবে চাকরি পাওয়া অযোগ্যদের বিরুদ্ধে কী পদক্ষেপ হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এই পরিস্থিতিতেই ফের তোপ দাগল দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার সরাসরি সিবিআইয়ের ভূমিকাই প্রশ্নের মুখে তুলেছেন। তাঁর কথায়, “দাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআইয়ের। তার কী হল?” আদালতের এই পর্যবেক্ষণ স্পষ্ট করে দিচ্ছে যে তদন্ত সংস্থা এখনো পর্যন্ত তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি বলেই মনে করছে শীর্ষ আদালত।

একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কোনও ভাবেই দাগিরা নতুন পরীক্ষায় বসতে পারবেন না। তাঁদের করা আবেদন খারিজ করে আরও একবার তা স্পষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা হাই কোর্টও এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর বেঞ্চও দাগিদের আবেদন বাতিল করেছে। হাই কোর্টের মন্তব্য, এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার এখতিয়ার এই মামলায় নেই।

তবে এখানেই থেমে থাকেনি আদালত। রাজ্যের ভূমিকাকেও কড়া ভাষায় ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। প্রশ্ন উঠেছে, কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাগিদের মামলায় হাজির হচ্ছেন? বিচারপতির মন্তব্য, “বারবার বলেছি দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। তার পরেও একই ধরনের মামলা কেন হচ্ছে?” একই সঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করেন, এই অযোগ্যদের কারণে বহু মেধাবী প্রার্থীর জীবন নষ্ট হয়েছে।

আরও পড়ুনঃ Astrology: সেপ্টেম্বরের লক্ষ্মী-নারায়ণ রাজযোগ! ১৫ সেপ্টেম্বর থেকে ফিরবে ভাগ্য, অর্থ আসবে চার রাশির জীবনে

উল্লেখ্য, আদালতের নির্দেশে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন ১,৮০৬ জন দাগির নাম প্রকাশ করেছে। তাঁদের মধ্যে অনেকের অ্যাডমিট কার্ডও বাতিল করা হয়েছে। এসএসসির আইনজীবীরা জানিয়েছেন, নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে এক জন দাগিকেও বাদ না দিয়ে কাউকে রাখা হয়নি। তবুও ওই তালিকাভুক্ত প্রার্থীরা আবারও পরীক্ষায় বসার আবেদন করেছেন, যা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট— দুই আদালতেই খারিজ হয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ স্পষ্ট— এই দায় শুধু দাগিদের নয়, যাঁরা তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দিয়েছিলেন, সেই আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ হওয়া উচিত।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর