রিষড়ায় বোমাবাজি, ফের অশান্তি, হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু, রাজ্যের কাছে রিপোর্ট তলব করল আদালত

রবিবারের পর গতকাল, সোমবার ফের উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া (Rishra)। স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে বোমাবাজি। এলাকা এখন থমথমে। এই ঘটনায় এবার ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ, মঙ্গলবার এই ঘটনায় আদালতের হস্তক্ষেপের দাবী করেন তিনি। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে অতিরিক্ত হলফনামায় রিষড়ার ঘটনা উল্লেখ করে রিপোর্ট পেশ করতে হবে রাজ্যকে।

গতকাল, সোমবারও হাওড়ায় অশান্তির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ৫ই এপ্রিলের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। গতকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়।

এদিন আদালতে মামলাকারীর আইনজীবী দাবী করেন, “পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না”।

মামলাকারী এই ঘটনায় এনআইএ তদন্তের দাবী করেন। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোনও নিরীহ মানুষ যাতে কোনওভাবে বিব্রত না হন, সেদিকে কিনা নজর রাখা উচিত পুলিশের। এলাকার শিক্ষামূলক প্রতিষ্ঠান, দোকানবাজার যাতে বিনা বাধায় খোলা যেতে পারে, তাও নিশ্চিত করা উচিত রাজ্যেরই।

আগামী ৫ এপ্রিলের মধ্যে এই ঘটনার রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি। আদালতে ওইদিনের সিসিটিভি ফুটেজ এবং ভিডিও আদালতে পেশের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী ৬ এপ্রিল।

এসবের মধ্যেই রিষড়ার অশান্তি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। অতিরিক্ত হলফনামা জমা দিয়ে রাজ্যের কাছে এই ঘটনার রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অন্যদিকে আবার, রিষড়ার ঘটনা নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। উত্তরবঙ্গের সফর কাটছাঁট করে কলকাতা এসেছেন তিনি। তিনি রিষড়ায় যেতে পারেন বলেও জানা যাচ্ছে।

আরও অন্যান্য খবর