১০০ দিনের প্রকল্পই হোক বা জব কার্ড (job card), নানান সময় নানান প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার মিড ডে মিল নিয়ে রাজ্য সরকারের (State Government) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। শুভেন্দুর অভিযোগ, মিড ডে মিলের জন্য পাঠানো কেন্দ্রের টাকা নিয়ে রাজ্য সরকার দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) চালাচ্ছে। শুভেন্দুর এই নতুন অভিযোগকে কেন্দ্র করে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
গতকাল, শনিবার পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে বারাকপুরে সাংগঠনিক জেলার অঞ্চল সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাংবাদিকদের বলেন, “দু’বছর করোনা পর্বে সাড়ে ৯ কোটি কেজির চাল ও স্যানিটাইজার, মাস্ক কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। মিড ডে মিলের অ্যাকাউন্টের টাকা ভারত সরকারের। এই টাকা পড়ে থাকলে সুদ হয়। সেই সুদের টাকাতে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আরও বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে রাজ্য সরকার”।
শুভেন্দু অধিকারী দাবী করেন যে এই টাকা ব্যবহার বেআইনি। তিনি এও দাবী করেন যে সুদই নয়, এ নিয়ে কেন্দ্রের কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন। তাঁর কথায়, “এ নিয়ে কেন্দ্র থেকে প্রতিনিধি দল আসছে। তারা মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে”। শুভেন্দু জানান, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই বিষয়ে অডিট টিম পাঠিয়ে অনুসন্ধান করবেন।
প্রসঙ্গত, কেন্দ্র থেকে মিড ডে মিল খতিয়ে দেখার পাশাপাশি তারা নানান বিষয়ে খতিয়ে দেখবেন। এর মধ্যে রয়েছে, রাজ্য থেকে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য যে অর্থ বরাদ্দ করার কথা তা ঠিকমতো হচ্ছে কী না এবং তা কতটা কার্যকরী হচ্ছে?
এসমস্ত বিষয় খতিয়ে দেখার পাশাপাশি অন্যান্য বিষয় খতিয়ে দেখবে। এরইমধ্যে মিড ডে মিলে দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবী করেছেন। এই বিষয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, “অপেক্ষা করুন। একের পর এক সব দুর্নীতি বেরিয়ে আসবে”।





