বর্তমানে ঘাটালের তৃণমূল তারকা-সাংসদ দেবকে নিয়ে বিতর্কের অন্ত নেই। তিনি ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পরই এক অডিও ক্লিপ ভাইরাল হয় দেবের নামের (যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে খবর ২৪৭)। তাতে দাবী করা হয়েছে যে এমপিল্যাডের থেকে নাকি ৩০ শতাংশ কমিশন চেয়েছেন দেব। সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই এবার দেবকে নিয়ে ফের জল্পনা উস্কে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অডিও ক্লিপ নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?
দেবের নামে ভাইরাল হওয়া অডিও ক্লিপ সম্পর্কে শুভেন্দুর বক্তব্য, “দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলেন, এটা ঘাটালের সবাই জানেন। দেবের এমপিল্যাডের কাজ নিতে গেলে, ৩০ শতাংশ কি না আমি জানি না, তবে কাটমানি দিতে হয়। এটা শুধু দেবের নয়, সব তৃণমূল সাংসদের”।
অডিও ক্লিপ নিয়ে দেবের বক্তব্য
যদিও ফাঁস হওয়া অডিও ক্লিপ সম্পর্কে মন্তব্য করে দেব বলেছেন, “আমার উপর কিছু নির্ভর করে নেই। আমার যা করার, যা বলার, তা আমি দলকে বলে দিয়েছি। যে অডিয়ো ক্লিপটি বেরিয়েছে, সেই মতো দেখলে, দিদি আর ওর মধ্যে কিছু কথা হয়েছে। দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই”।
এদিন ফের একবার দেবের বিষয়ে কথা বলতে গিয়ে এনামুলের প্রসঙ্গ টেনে আনেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “এনামুলের টাকায় দেব যে সিনেমা করেছেন, এটা তো প্রমাণিত সত্য। দেব একবার নিজাম প্যালেসে গিয়েছেন। ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গিয়েছেন, সেটা সংবাদমাধ্যম জানতে পারেনি। পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছেন এবং সেই টাকায় সিনেমা করেছেন। ইডি চাইলে ব্যবস্থা তো নিতেই পারে। কারণ, এনামুল এখনও জেলের মধ্যেই আছে”।
দেব কী তাহলে ইস্তফা দিচ্ছেন সাংসদ পদ থেকে?
এই বিষয়ে শুভেন্দুর সাফ জবাব, “কী করবেন, সেটা তিনিই জানেন। তবে আমার কাছে যেটুকু খবর আছে, সাংসদ পদ থেকে ওনার ইস্তফা শুধু সময়ের অপেক্ষা”। বলে রাখি, এর আগে এনামুলের টাকায় সিনেমা বানানো নিয়ে দেবকে কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করলে, সেই সময় দেবকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী।





