‘পতাকা ছেড়ে নবান্ন চলুন, কেউ না থাকলেও আমি আছি’, আর জি কর কাণ্ডে মমতার ইস্তফার দাবী শুভেন্দুর

Suvendu Adhikari Slammed Government and Mamata Banerjee in R G Kar Case: আর জি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবী তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, এই ঘটনা সংঘটিত গণধর্ষণ ও খুন। আর রাজ্য সরকার এ ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। এই ঘটনার প্রতিবাদে সকলকে নবান্ন অভিযান করার বার্তাও দিলেন শুভেন্দু (Suvendu Adhikari Slammed Government and Mamata Banerjee in R G Kar Case)

আর জি করের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি করেছেন মামলাকারী। নির্যাতিতার মা-বাবার আশঙ্কা, ঠিকপথে তদন্ত এগোচ্ছে না। তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কাও করেন তারা।  

সেই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী বলেছেন, “’মমতার পুলিশ গর্হিত অপরাধ করেছে। অন রেকর্ড এটাকে সুইসাইড বলেছে। তদন্তের আগেই রায় দিয়ে দিয়েছে। বিরাট অপরাধ করেছেন বিনীত গোয়েল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ করেছেন তিনি”।

শুধু তাই নয়, শুভেন্দু আরও বলেন, “সিবিআই তদন্ত শুরু হলে আমি প্রথমেই বলব বিনীত গোয়েল, ডাঃ এসপি দাস এবং ডাঃ সন্দীপ ঘোষকে বুক করতে”। তাঁর দাবী, এসপি দাস গোটা স্বাস্থ্য দফতর অলিখিত চালান। সন্দীপ ঘোষের মাথায় তাঁর হাত রয়েছে। শুভেন্দুর দাবী, তিনি আর জি করে গিয়ে সকলের সঙ্গে দেখা করতে চেয়ে মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে চিঠি দিলেও কোনও উত্তর পান নি।

আর জি করের ঘটনায় রাজনৈতিক পতাকা ছেড়ে সকলকে রাস্তায় নামার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, এই ঘটনায় ধর্নাতেও বসবে বিজেপি। আমজনতার উদ্দেশে তাঁর বার্তা, সকলকে একসঙ্গে নবান্ন যেতে হবে। আসল দোষী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে বলে দাবী জানান শুভেন্দু। তাঁর কথায়, “পতাকা গুলি মারুন, একটাই দাবীতে নবান্ন চলুন। কেউ না থাকলে আমি আছি, আমি যাব”।

বলে রাখি, আর জি করের ঘটনায় প্রশাসন, রাজ্য ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পর্যবেক্ষণ করে বলেন, পুলিশ প্রথমেই কেন ঘটনাটিকে আত্মহত্যা বলে দিল? নারকীয়ভাবে হত্যা করা হয়েছে তরুণী চিকিৎসককে, তা সত্ত্বেও পুলিশ যে অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, তা খুবই দুর্ভাগ্যজনক।

RELATED Articles