মমতার পায়ে হাত দিয়ে প্রণাম শুভেন্দুর, বিজেপি বিধায়ককে মন্ত্রিত্বের প্রস্তাব দিলেন মমতা, তবে কী ফের দলবদল? চর্চা তুঙ্গে

এমনিতে নানান ইস্যু নিয়েই তাঁকে মাঝেসাঝেই কটাক্ষ করেন তিনি। কথায় কথায় ‘লেডি কিম’ বলে থাকেন তাঁকে। কিন্তু আজ, শুক্রবার সংবিধান দিবসে তাঁকেই অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রণাম করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আজ সারাদিন বিধানসভায় যা যা ঘটনা ঘটল, তা রসদ জোগানোর পক্ষে যথেষ্ট। এই নিয়ে এখন নানান চর্চা তুঙ্গে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কক্ষে চায়ের আমন্ত্রণ জানান শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু যে শুধু সেই আমন্ত্রণ রক্ষা করলেন তাই-ই নয়, মমতার কক্ষে ঢুকে তাঁর পায়ে হাত দিয়ে তাঁকে প্রণামও করলেন।

এদিন মিনিট তিনেক মমতার ঘরে ছিলেন বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে ছিলেন তিন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পল ও অশোক লাহিড়ী। এই তিন মিনিটে ঠিক কী হল, তা জানতে উৎসাহী ছিলেন অনেকেই। তবে এই ব্যাপারে প্রকাশ্যে কেউ কিছু না জানালেও, সূত্রের খবর, এদিন ঘরে ডেকে চা খাওয়ার কথা বলেছিলেন মমতা। তবে অধিবেশন শুরু হয়ে যাবে বলে সময়ের অভাবে চা না খেয়েই বেরিয়ে আসতে হয় শুভেন্দুদের।

জানা গিয়েছে, এদিন শুভেন্দুর মুখোমুখি হয়েই প্রথমে মমতা বলেন “অনেকদিন পর এত কাছে এলি…”। শুধু তাই নয়, সূত্রের আরও খবর, বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি আমাদের দলে চলে আসুন, আপনাকে অর্থমন্ত্রী করে দেব”। একথা শুনেই শুভেন্দু উত্তর দিয়ে বলেন, “কিছু দিতে হবে না, পিএসসি-টা দিয়ে দিন”।

বলে রাখি, তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই পিএসসি-র চেয়ারম্যান পদ নিয়ে বেশ তরজা চলছে। বিজেপির দাবী, রীতি অনুযায়ী এই পদ পাওয়ার কথা বিরোধী দলের বিধায়কের। এই কমিটির চেয়ারম্যান হিসেবে প্রথমে নিযুক্ত করা হয় মুকুল রায়কে। এরপর সেই পদ দেওয়া হয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। তাঁকে নিয়েও বেশ আপত্তি রয়েছে বিজেপির।

এই সাক্ষাৎ সম্পর্কে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমি সৌজন্য সাক্ষাৎ করেছি। এর মধ্যে অন্য কিছু নেই। আমি একা যাইনি, সঙ্গে তিনজন ছিলেন”। আবার মুখ্যমন্ত্রীও পরে বলেন, “আমি সৌজন্যমূলক সাক্ষাতের জন্য ডেকেছিলাম। যেহেতু সংবিধান দিবস, যাতে উন্নয়নের কাজ সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি”।

আরও অন্যান্য খবর