ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন শুভেন্দু, ‘আগামীকালই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে হাজির হব’, হুঁশিয়ারি বিরোধী দলনেতার

এর আগেও এমন অভিযোগ এনেছেন তিনি। আর এবারও তেমনটাই হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার বিকেলে বিধানসভা থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের সামনে এমনটাই দাবী করেন তিনি।

কোন দুর্নীতির কথা বলেন এদিন শুভেন্দু?

শুভেন্দু এদিন দাবী করেন, “ওয়েবেল এবং ডব্লুটিএল দুর্নীতিতে সরাসরি যুক্ত মুখ্যমন্ত্রী। সমস্ত টেন্ডার ও কাগজপত্র নিয়ে কাল দুপুর ৩টেয় হাজির হব সাংবাদিকদের সামনে”।

এদিন শুভেন্দু দাবী করেন, আগামী লোকসভা নির্বাচনে এরাজ্যে থেকে ৩৬টি আসনে জিতবে বিজেপি। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অপেক্ষা করতে বলব, আগামী বছরের মে মাস পর্যন্ত। উনি জানেন না, কাঁথি, তমলুকে লোকসভা আসনে কত ভোটে হারবেন”। বিজেপি বিধায়কের কটাক্ষ, মুখ্যমন্ত্রী ‘বাংলার গর্ব নয়’ তিনি আসলে ‘বাংলার লজ্জা, সংসদীয় গণতন্ত্রের লজ্জা’। ।

কী হয়েছিল এদিন বিধানসভায়?

রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে আজ, বৃহস্পতিবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। এই আলোচনাকে কেন্দ্র করে এদিন বিধানসভায় বাকবিতণ্ডায় জড়ান মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল এখনও আদালতে মামলা চলছে। এই কেন্দ্র থেকে জিতে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের সেই প্রসঙ্গ তুলে বলেন, নন্দীগ্রামে ২ ঘণ্টা লোডশেডিং করে ফলাফল বদলানো হয়েছে। হারিয়ে দেওয়া হয়েছে তাঁকে। সেসব ঘটনা কি ভুলে গেলেন বিরোধী দলনেতা?

মুখ্যমন্ত্রী বিধানসভায় এদিন এই প্রশ্ন তুলতেই শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝে কালো কাপড় দেখিয়ে তুমুল বিক্ষোভ দেখান। এরপর অধিবেশন থেকে ওয়াকআউট করেন তাঁরা। যা কার্যত নজিরবিহীন।

স্পিকারের বিরুদ্ধেও উঠল অভিযোগ

এদিন শুভেন্দু এও অভিযোগ করেন যে বিধানসভার স্পিকারও পক্ষপাতিত্ব করছেন। তাঁর কথায়, “আমরা সবসময় বিধানসভায় আলোচনা করতে চায়। গতকাল আমাদের মহিলা বিধায়িকারা নারী নির্যাতন নিয়ে আলোচনা চেয়েছিলেন। সেটাও করতে দেওয়া হল না। আজকে যখন আমি বক্তৃতা দিচ্ছিলাম তখন লালবাতি জ্বালিয়ে দেওয়া হল। বিরোধী দলনেতার ভাষণের মাঝপথে এমন ঘটনা কখনও হয়নি। এখন হল, কারণ, তৃণমূলে একটাই পোস্ট”।

RELATED Articles