গতকাল, সোমবার তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। বেরিয়ে এসেছেন ২৩-২৪ বছরের এক বন্ধন ছিঁড়ে। বরানগরের বিধায়ক পদ থেকেই ইস্তফা দিয়েছেন। এবার গুঞ্জন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। শুধু তাই-ই নয়, বিজেপির টিকিটেই লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন তাপস রায়, এমনটাই ইঙ্গিত মিলল।
বিগত বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তাপস রায়। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁর নিশানায়। তিনি এমন দাবীও করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ই তাঁর বাড়িতে ইডি পাঠিয়েছিল। তিনি বিধায়ক পদ ছাড়বেন, এমন ইঙ্গিত মিলতেই গতকাল সোমবার সকালে কুণাল ঘোষ ও ব্রাত্য বসু গিয়েছিলেন তাপস রায়ের বাড়িতে।
কিন্তু বরফ গলে নি। সাংবাদিক বৈঠক করে নিজের অভিমানের কথা জানান তাপস রায়। একরাশ অভিমান উগড়ে দিয়ে বলেন, তাঁর বাড়িতে ইডি হানার ৫২ দিন কেটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কোনও খোঁজ নেন নি। অভিমান নিয়েই দল ছাড়েন তিনি। ইস্তফা দেন বিধায়ক পদ থেকেও।
এরই মধ্যে এবার জোরদার হয়েছে তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, আগামীকাল, বুধবার বিকেলে তাপস রায়ের সঙ্গে বৈঠক করতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোটের প্রার্থীও হবেন তিনি, এমনটাই খবর।
কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন তাপস রায়?
বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে দমদম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে পারেন তাপস রায়। এই কেন্দ্রে বর্তমানে সাংসদ হলেন সৌগত রায়। তিনি যদি ফের তৃণমূলের থেকে টিকিট পান, তাহলে এই কেন্দ্র থেকে সম্যক সমরে দেখা যাবে দুই এককালের সতীর্থকে। আবার অন্য একটি সূত্র বলছে, বিজেপি হয়ত তাপস রায়কে উত্তর কলকাতার টিকিট দিতে পারে। সেই কেন্দ্রে এখন সাংসদ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, বুধবার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাপস রায়ের। এরপরই জানা যাবে, তিনি আদৌ কোন কেন্দ্র থেকে প্রার্থী হন।





