ফের বঙ্গ রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। মেঘালয়ের রাজভবন থেকে রাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ হয়েছে। তাই সাংবিধানিক বাধ্যবাধকতা মিটতেই আবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন তথাগত রায়। আজ বিকালেই তিনি আসছেন কলকাতায়।
দলে ফের সক্রিয় হওয়ার ব্যপারে কেন্দ্র তথা রাজ্য নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে তাঁর। আগামী সপ্তাহের মধ্যেই তাঁকে বিজেপির রাজ্য সদর দফতরে দেখা যেতে পারে।
শনিবার রাতে শিলং থেকেই টুইট করেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। জানান, রবিবার বিকেলে তিনি কলকাতায় ফিরছেন। বিজেপিতে ফের যোগ দেওয়ার ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তাঁর।
https://twitter.com/tathagata2/status/1297210778798284800?s=20
তাঁর দাবি, রাজ্য বিজেপির সবস্তরের নেতা নেত্রীরাই তাঁকে দলে স্বাগত জানাতে প্রস্তুত। তাই শীঘ্রই তিনি রাজ্যের পদ্মশিবিরে অন্তর্ভুক্ত হচ্ছেন। স্বাভাবিকভাবেই তৃণমূলকে একহাত নিতে তিনি ছাড়েননি। টুইটে অভিযোগ জানিয়েছেন, বঙ্গ বিজেপি-র অন্দরে ভাঙন ধরানোর চেষ্টা করছে প্রশান্ত কিশোর এবং তার অনুগামীরা। দলের নেতাদের মধ্যে বিরোধিতা তৈরি করার চেষ্টা করছেন প্রশান্ত কিশোর কিন্তু তার এই প্রচেষ্টা সফল হবে না। মেঘালয়ের বিদায়ী রাজ্যপাল ২০০২-০৬ পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। তারপর প্রায় ৯ বছর বিজেপির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
তাই বাংলার রাজনীতি সম্বন্ধে রীতিমতো ওয়াকিবহাল এই বর্ষীয়ান নেতা। এই মুহূর্তে তিনি যদি বিজেপিতে ফের সক্রিয় হন তাহলে একুশের নির্বাচনে বিজেপিকে রোখা একপ্রকার অসাধ্য হয়ে যাবে, বলছেন বিজেপি নেতৃবৃন্দ। তবে বিজেপি শিবিরে যোগ দিলে, তার ডেজিগনেশন কী হবে এখনো পর্যন্ত ঠিক করা হয়নি জানা গিয়েছে দলের তরফ থেকে।





