Kolkata High Court : ‘শিক্ষকদের সম্মান রাখতে হবে’, বিকাশ ভবনের সামনে নয়, প্রতিবাদের নতুন রুট দেখাল কলকাতা হাইকোর্টের !

বিগত কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে একাধিক স্থানে চলছে শিক্ষক চাকরিপ্রার্থীদের আন্দোলন। বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে তাঁরা পথে নেমেছেন নিজেদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে। বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভের চিত্র আরও এক ধাপ এগিয়ে গিয়ে উত্তেজনার রূপ নেয়। এমন পরিস্থিতিতে শুধুমাত্র শিক্ষক মহল নয়, সাধারণ নাগরিকের মধ্যেও উদ্বেগ বাড়তে থাকে। প্রশ্ন উঠে, এই আন্দোলনের পথে কীভাবে বজায় রাখা যাবে শৃঙ্খলা আর সম্মান?

শিক্ষক সমাজের আন্দোলন যেমন একদিকে তাঁদের অধিকারের দাবিকে সামনে আনছে, অন্যদিকে সমাজে শিক্ষকদের যে আদর্শ স্থানে রাখা হয়, তারও প্রশ্ন তুলছে। একদিকে সাধারণ নাগরিকদের অসুবিধা, অন্যদিকে আন্দোলনের চাপে প্রশাসনের ভোগান্তি—এই দুইয়ের মাঝে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলন হোক, প্রতিবাদ হোক, তা যেন সমাজে শিক্ষকদের সম্মানকে ক্ষুণ্ণ না করে, এমনই প্রত্যাশা সাধারণ মানুষের।

এই পরিস্থিতিতে আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি জানান, বিকাশ ভবনের সামনে নয়, শিক্ষক-শিক্ষিকারা যেন সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করেন। প্রতি দিনে ২০০ জন করে রোটেশানালি অংশগ্রহণ করতে পারবেন এবং তাঁদের নাম, ফোন নম্বর–সহ বিস্তারিত তথ্য পুলিশকে জানাতে হবে। আন্দোলন চলাকালীন অস্থায়ী তাঁবু, বায়ো টয়লেট ও পানীয় জলের ব্যবস্থার নির্দেশও দিয়েছেন তিনি।

বিক্ষোভের সময় উত্তেজনায় পরিণত হওয়া শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল, সে বিষয়ে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন—পুলিশ কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না, তবে তদন্ত চলবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি হওয়া শোকজ নোটিস কার্যকর করা যাবে না বলেও জানান তিনি। এমনকী রাজ্য সরকার এবং পুরসভাকে আন্দোলনকারীদের জন্য অস্থায়ী পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেন আদালত।

আরও পড়ুনঃ India to strike Pak economy : জঙ্গি হেঁসেলে টান পড়াতে মরিয়া ভারত, FATF-এ ফের ধূসর তালিকায় পাঠাতে উঠেপড়ে লাগল নয়াদিল্লি!

আদালতের রায়ে স্পষ্ট—শিক্ষকদের প্রতি সহানুভূতি রয়েছে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিও সমান গুরুত্বপূর্ণ। তাই আন্দোলন হোক শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ। আন্দোলনকারীদের উদ্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “আপনারা আন্দোলন করছেন, সেটা আপনার অধিকার। তবে এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে।” এই মানবিক বার্তাই এখন আন্দোলনরত শিক্ষক সমাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি সমাজে নিজেদের মর্যাদা অটুট রাখা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর