ফের বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, কোথায় কোথায় হবে বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস?

চৈত্রমাসের শেষ থেকে দীর্ঘ তাপপ্রবাহের পর স্বস্তির মুখ দেখেছে বঙ্গবাসী। বৃষ্টির জেরে কেটেছে নাজেহাল অবস্থা। গতকাল, বৃহস্পতিবার তুমুল বৃষ্টির জেরে আজ, শুক্রবার তাপমাত্রা অনেকটাই কম। তবে বৃষ্টির এখানেই শেষ নয়, জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আজ, শুক্রবার সকালে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৪ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৪.৮ মিলিমিটার। গতকালের বৃষ্টির পর আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণাতে।

তবে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রবিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। এর সঙ্গে বইবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে বজ্রপাতও হতে পারে বলে জানা গিয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে আগামীকাল শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। রবিবার গোটা উত্তরবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। এর সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সোমবারও উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

গতকাল, বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ-সহ অন্যান্য জেলায় বজ্রপাতের জেরে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। সেই কারণে এমন দুর্ঘটনা এড়াতে ঝড়বৃষ্টির সময় বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।  

RELATED Articles