বাংলায় অবাধে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এর ফলে পারদ পতন শুরু হয়েছে রাজ্যজুড়ে। বেশ জাঁকিয়ে শীত পড়তে যে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না বঙ্গবাসীকে, তা বেশ স্পষ্ট। এবার ভরপুর শীত উপভোগ করতে পারবেন শীতবিলাসীরা।
মাঝে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় শীতের আগমন হচ্ছিল না ঠিকঠাক। তবে এবার সেই প্রভাব কেটেছে। ফলে এতদিন রাজ্যবাসী যে শীতের অপেক্ষায় প্রহর গুনছিল, সেই সময় উপস্থিত। ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ জেলাতেই ১৫ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭ দিন এমনই পরিস্থিতি থাকবে রাজ্যে। বেশ ঠাণ্ডা ঠাণ্ডাতেই কাটবে এখন কয়েকদিন। কিছুদিন পর তাপমাত্রা বাড়তে পারে তবে শীতের আমেজ ভরপুর থাকবে বলে খবর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই রাতের দিকে পারদ পতন লক্ষ্য করা যাবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই জেলাতেই ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে বলে জানা হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও নামবে ধীরে ধীরে।
গত ২ দিনে প্রায় ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪-৯৬ শতাংশ। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের থেকে কিছুটা নীচে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আরও নামবে বলে খবর।





