আছড়ে পড়ার আগে থেকেই ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব পড়ল রাজ্যে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আর এর জেরে রাজ্য থেকে উধাও শীত। এক ধাক্কায় ৭ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রা।
কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, মঙ্গলবার দুপুরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এই গতি নিয়েই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনামের মাঝামাঝি বাপাটলা উপকূলে আছড়ে পড়বে মিগজাউম। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আকাশ ঢাকবে মেঘে আর সঙ্গে বৃষ্টি।
বঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার থেকেই বাংলার ১১ টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি পূর্ব বর্ধমান, নদীয়া ও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়া হতে পারে। তবে মৎস্যজীবীদের জন্য বাংলা উপকূলে এখনও কোন সতর্কবার্তা নেই।
এই ‘মিগজাউম’-এর প্রভাবে বঙ্গে উধাও শীতের আমেজ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও বেশি। বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৩ থেকে ৮৭ শতাংশ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই রকম আবহাওয়া থাকবে। চার-পাঁচদিন শুকনো আবহাওয়া থাকবে। উত্তর-পূর্ব ভারত লাগোয়া জেলাগুলি ও পার্বত্য এলাকায় কুয়াশা দেখে যেতে পারে। তবে উত্তরবঙ্গের আকাশ আপাতত মেঘমুক্ত থাকবে বলেই জানা যাচ্ছে।





