আবহাওয়া যেমন চলছে তাতে এখন আর ছয় ঋতু নয়, তিনটি এসে দাঁড়িয়েছে ঋতু, গ্রীষ্ম, বর্ষা আর শীত। শীতের পর যে বসন্ত বলেও একটা ঋতু রয়েছে, তা তো বঙ্গবাসী প্রায় ভুলতেই বসেছে। কারণ শীত বিদায় নিতেই এই ফেব্রুয়ারিতেই পারদ যেভাবে চড়েছে, তাতে বসন্তের কোনও আস্বাদ পাচ্ছে না রাজ্যবাসী।
এক অদ্ভুত আবহাওয়া চলছে। এই আকাশের মুখভার, দেখে যেন মনে হচ্ছে এই বৃষ্টি নামল বলে। তো আবার কখন কাঠফাটা রোদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে। আকাশ মাঝেমধ্যে মেঘলা হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
রোজই যেন একটু একটু করে বাড়ছে কলকাতার তাপমাত্রা,। গতকাল, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় বেশ বেশি। আজ, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে বলে অনুমান আবহাওয়া দফতরের। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
শুধু কলকাতাই নয়, অন্যান্য জেলাতেও বাড়বে তাপমাত্রা। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের আশঙ্কা মার্চ মাসেই জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে বলে জানা যাচ্ছে।





