গরমকাল পড়েই গিয়েছে। তাও গত কয়েকদিনে সামান্য বৃষ্টির জেরে তাপমাত্রা একটু কমের দিকে ছিল বলা যায়। তবে এবার দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। এখন দক্ষিণবঙ্গে আর ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে চড়চড়িয়ে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে কিছুদিন।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। আর আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। তবে এখনই তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক গরম বেশি অনুভূত হবে।
আজ, বুধবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এদিন। এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯০ শতাংশ। আগামী কয়েকদিন মালদহ ও দুই দিনাজপুরেও তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টি এখন চলবে। কালিম্পং ও দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার থেকে পাহাড় ধীরে ধীরে শুষ্ক হবে। তবে শনিবার আবার উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বলে জানা যাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এরপর থেকে আবহাওয়া শুষ্ক হবে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরল সংলগ্ন এলাকায় আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আবার ছত্রিশগড়, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়াতে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির হতে পারে।





