অবশেষে শীতবিলাসীদের মুখে ফুটেছে হাসি। পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি, ঘূর্ণাবর্তের কাঁটা পেরিয়ে এবার অবশেষে বঙ্গে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হচ্ছে। কনকনে শীতের জেরে সপ্তাহান্তে কাঁপবে রাজ্য। শুক্রবার সকালেই দারুণ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচ দিন তাপমাত্রার সেভাবে হেরফের হবে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নীচেই থাকবে। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকবে বলে খবর। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নীচে নেমে যাবে তাপমাত্রা। রবিবার পর্যন্ত শীতের দারুণ ব্যাটিং চলবে বঙ্গে।
জানা গিয়েছে, ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ, শুক্রবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে শৈত্য প্রবাহ চলবে। শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে চলবে শৈত্য প্রবাহ। কলকাতা-সহ বাকি জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে।
উত্তরবঙ্গেও শীতের দারুণ স্পেল। স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি নীচে তাপমাত্রা। আগামী পাঁচদিনে সেভাবে তাপমাত্রার পরিবর্তন খুব একটা হবে না। ১৮ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাল আবহাওয়া দফতর।
কলকাতায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা। আজ, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২-৯৬ শতাংশ।






