বর্ষবরণে উত্তরবঙ্গে ঝরবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ঝরবে ঘাম, বড়দিনের পর উষ্ণ নতুন বছরের উদযাপনও, শীত কী আর ফিরবে?

ফের এক উষ্ণ বড়দিন কাটিয়েছে বঙ্গবাসী। এবার নতুন বছরকেও গরমের মধ্যে দিয়েই স্বাগত জানাতে হবে রাজ্যবাসীকে, তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। বর্ষবরণেও বঙ্গ থেকে গায়েবই থাকবে শীত। ঠাণ্ডার দাপট তেমন থাকবে না বঙ্গে।

উত্তরবঙ্গ ভিজতে পারে বৃষ্টিতে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উঁচু জায়গাগুলিতে তুষারপাতও হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে।

সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৩ ডিগ্রির মধ্যে।

কেন এমন অবস্থা আবহাওয়ার?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তারই দাপটে কমে যাচ্ছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। পরিবর্তে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এই কারণে ডিসেম্বরে দিনের বেলা গরম অনুভুত হচ্ছে। আগামী অন্তত আরো ৫ দিন এইরকমই থাকবে বলে জানাল হাওয়া অফিস। আর কারণেই বর্ষশেষে জাঁকিয়ে শীতের আশায় জল। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা যাবে আগামী কয়েকদিন। ঠান্ডা ঠান্ডা ভাবও থাকলেও বেলা বাড়লেই পরিষ্কার আকাশ দেখা যাবে। ফলে উধাও হয়ে যাবে শীত। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি উপরেই থাকবে।

অন্যদিকে, উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে খবর। তবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পরিস্থিতি বদলাতে পারে। কলকাতার তাপমাত্রা কমতে পারে তখন।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles