“জনগণের টাকা ফেরত দাও।” বলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ‘মাওবাদী’ (Maoist) পোস্টার (poster) পড়ল বীরভূমের পাড়ুইয়ের বাতিকার গ্রামে। এরপর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আজ অর্থাৎ রবিবার সকালে বাতিকার গ্রামের বিভিন্ন দেওয়ালে মাওবাদীদের সেঁটে যাওয়া পোস্টার নজরে পড়ে গ্রামবাসীদের (villages)। আর এই হুমকি পোস্টারে বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম করে সরকারি প্রকল্প ও জনগনের টাকা ফেরত দিতে বলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাড়ুই থানার পুলিশ। তাঁরাই পোস্টারগুলি ছিঁড়ে ফেলে।
তবে মাওবাদীদের পোস্টার বলে জানা গেলেও শাসকদল এই ঘটনায় বিজেপি যোগ দেখতে পাচ্ছে। তাদের কথায়, “এইসব মাওবাদী নয় বিজেপির কাজ। এলাকায় তাদের পায়ের তলায় মাটি নেই। তাই এইসব পোস্টার দিয়ে এলাকায় উত্তেজনা ছড়াতে চাইছে।”
উল্লেখ্য কিছুদিন আগে ১৩ জন তৃণমূল নেতার (TMC leader) নামে পাড়ুই থানার তিনটি গ্রামে মাওবাদী পোস্টার পড়েছিল। সেই পোস্টারেও লেখা ছিল “জীবন দাও। জনগণের টাকা ফেরত দাও।” ওইদিনের ঘটনার পিছনেও বিজেপির যোগ রয়েছে বলে দাবি করেছিল তৃণমূল।
যদিও স্বভাবতই এই ঘটনায় শাসকশিবিরের অভিযোগ মানতে নারাজ বিজেপি শিবির(BJP)। তাঁদের কথায়, “উন্নয়নের নামে, চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের টাকা হজম করে দিয়েছে তৃণমূল নেতারা। আমার মনে হয়, যারা টাকা দিয়েছে বা তৃণমূলের যারা টাকা ভাগ পায়নি তাদের এটা কাজ। পুলিশ তদন্ত করে দেখুক।”





