সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকার গাড়িকে সজোরে ধাক্কা সরকারি বাসের, মৃত ৩

সকাল সকাল ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। হাওড়ার বাগনানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টোদিক থেকে আসা একটি চারচাকার গাড়িতে ধাক্কা মারল একটি সরকারি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। চারচাকার গাড়িটির সামনের অংশ এতটাই দুমড়েমুচড়ে গিয়েছে যে গ্যাস কাটার দিয়ে কেটে ভেতর থেকে দেহ বের করে আনা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

ঘটনাটি ঘটে আজ, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ। এদিন কোলাঘাটের দিক থেকে কলকাতার দিকে আসছিল একটি চারচাকা গাড়ি। আর উল্টোদিক থেকে যাচ্ছিল হাবড়া-দিঘাগামী একটি সরকারি বাস। জানা গিয়েছে, বাগনানে মুম্বই রোডের কাছে আষাড়িয়ার কাছে বাসের চাকা আচমকাই ফেটে যায়। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি।

ফলে ডিভাইডার পেরিয়ে কলকাতামুখী লেনের দিকে চলে যায় বাসটি। সেই সময় উল্টোদিক থেকে আসছিল ওই চারচাকা গাড়িটি। নিয়ন্ত্রণহীন সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই চারচাকা গাড়ির। ফলে গাড়ির অর্ধেক অংশ ঢুকে যায় বাসের নিচে। বাসটি গাড়িটিকে বেশ কিছুটা ঘষটে ঘষটে নিয়ে গিয়ে থামে। এত বড় দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা কার্যত আতঙ্কিত হয়ে পড়েন।

এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ। ক্রেন দিয়ে বাসের নিচ থেকে চারচাকা গাড়িটিকে বের করে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। ওই চারচাকা গাড়ির সামনের অংশ এতটাই দুমড়েমুচড়ে গিয়েছিল যে গাড়ির সামনের সিটে বসা ব্যক্তিরা পুরো চেপ্টে গিয়েছিলেন।

অবশেষে গ্যাস কাটার দিয়ে গাড়ির জানলা-দরজা কেটে মৃতদেহ বের করে আনে পুলিশ। এই ঘটনার জেরে মুম্বই রোডে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। কিন্তু এখনও মৃতদের পরিচয় জানা যায়নি। বাসের চালকেরও খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে।

RELATED Articles