বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার নিমতায় স্থানীয় তৃণমূল কাউন্সিলারের নেতৃত্বে একটি সালিশি সভা বসানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দমদম পুরসভার অন্তর্গত নিমতা এলাকার তেঁতুলতলায় ওই সভাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
সূত্রের খবর, সভা চলার সময়ই দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এরপর তা মারামারিতে পৌঁছায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এমনকি কয়েকজন হাসপাতালেও ভর্তি হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সূত্রপাত, গত ৪ঠা আগস্ট। তেঁতুলতলার বড়ফিঙ্গা দক্ষিণপাড়ার বাসিন্দা সুশান্ত পাল তাঁর পরিচারিকাকে ধর্ষণ করেন এবং হুমকিও দেন কাউকে এবিষয়ে জানালে হিতের বিপরীত হবে। কিন্তু তাঁর পরিচারিকা এলাকাবাসীদের কাছে সমস্ত কিছু বলেন।
এই ঘটনা সামনে আসতেই স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠরা অভিযুক্তের বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায়। এরপর সেখানে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিমতা থানার পুলিশ। তারপরে পুলিশ সুশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং তদন্তও শুরু করেন। কিন্তু ইতিমধ্যেই এলাকার প্রভাবশালীরা একটি সালিশি সভার আয়োজন করে। আর সেই সভাতেই শুরু হয় ঝামেলা, মারামারি। উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পরে নিমতা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আপাতত এলাকায় শান্তি বজায় রাখতে পুলিস পিকেট বসানো হয়েছে ও পুলিশের নজরদারিও চালানো হচ্ছে।





