আজ ব্রিগেডে মহাসমাবেশ তৃণমূলের। এদিনের এই সভার পোশাকি নাম ‘জনগর্জন সভা’। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই সমাবেশ যে হাইভোল্টেজ, তা বলাই বাহুল্য। লোকসভা নির্বাচনের দামামা এই সভা থেকেই বাজানো শুরু করবে ঘাসফুল শিবির। ভোটের জন্য নানান কর্মসূচির ডাক বা স্লোগান এই সমাবেশ থেকেই নির্ধারিত করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন এই ব্রিগেডের সভায় এক বড় চমক দিতে চলেছে তৃণমূল। এই সভা থেকেই আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে ঘাসফুল শিবির। যা তৃণমূলের জন্য তো বটেই, বঙ্গ রাজনীতিতেও নজিরবিহীন ঘটনা। কাকে কাকে প্রার্থী করে তৃণমূল, এখন সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।
এদিন এই ব্রিগেডের সমাবেশেই আবার এক নতুন চমক অপেক্ষা করছে তৃণমূল নেতা কুণাল ঘোষের জন্য। বেশ কয়েকদিন ধরেই দলের একাংশের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন। তাঁর বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন। যদিও সেসবের মিটমাট নহ্যে যায় সুদীপের বাড়িতে কুণালের চায়ের নিমন্ত্রণে। এবার এরই মধ্যেই কুণালকে নিয়ে এল এক বড় খবর।
আজকের ব্রিগেডের সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। এর আগে কালীঘাটের দলীয় দফতর থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করলেও, এবারে চিত্রটা সম্পূর্ণ আলাদ। হাজার হাজার কর্মীদের মধ্যেই হবে প্রার্থী তালিকা ঘোষণা। আর এরই মধ্যে শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনের জন্য কুণাল ঘোষকে প্রার্থী করতে পারে তৃণমূল।
সম্ভাব্য তালিকা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার জোর গুঞ্জন উঠেছে যে সাংসদ পদের জন্য কুণাল ঘোষকে প্রার্থী করবে তৃণমূল। কিছুদিন আগে তৃণমূলের মুখপাত্র পদ থেকে নিজেই সরে এসেছেন কুণাল। এবার উঠল তাঁর প্রার্থী হওয়ার জল্পনা। যদিও কোন আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন, তা এখনও জানা যায়নি। এখন আপাতত সকলের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষায়।





