বাড়ির লোকজন ছিল না। সকলে গিয়েছিলেন বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। বাড়ি ফাঁকাই ছিল। আর এই সুযোগে বাড়িতে ঢুকল চোর। দামী জিনিসপত্র তো হাতালোই, ছাড়ল না রান্নাঘরের তেল, মশলার প্যাকেটও। শুধু কী তাই, সঙ্গে ফ্রিজে রাখা চকলেট, মিষ্টিও খেয়ে পালাল সে।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের তোলপাড়া এলাকায়। মেদিনীপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলকমল ও প্রণতি অট্ট। জানা গিয়েছে, তারা গত শনিবার রাতে বিয়ে বাড়ি গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিলেন না। বাড়ি ফাঁকা থাকায় তালাবন্ধ করে গিয়েছিলেন তারা। সেই বাড়িতেই ঢুকে এমন সব কীর্তি ঘটাল চোর।
জানা গিয়েছে, গতকাল, রবিবার সকালে বাড়ি ফেরার পর তারা দেখেন যে জানলার গ্রিল ভাঙা। গোটা বাড়ির লণ্ডভণ্ড অবস্থা দেখে ঘাবড়ে যান তারা। তারপর বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে। আলমারি ভেঙে সোনা-গয়না, টাকাপয়সা লুঠ করেছে চোর। এমনকি, রান্নাঘরের ভাঁড়ারের তেলের প্যাকেট, মশলা, পোস্তও চুরি করে নিয়ে গিয়েছে সে। ছাড়ে নি ফ্রিজে রাখা চকলেট, মিষ্টিও। সেগুলোও খেয়ে সাফ করে দিয়েছে।
এসব দেখেশুনে পুলিশকে খবর দেন বাড়ির মালিক। ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে তারা। চোরের এমন কীর্তি সামনে আসতেই হতভম্ব এলাকাবাসীরা। সঙ্গে বেশ আতঙ্কেও রয়েছেন নিজেদের বাড়িতে চুরি হওয়ার।





