‘১০ বছর পরে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন’, দেবকে স্বাগত জানালেন হিরণ, এবার কী তবে বিজেপিতে যাচ্ছেন দেব?

গত শনিবার এক বড় সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল তারকা সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব। ঘাটালে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই তাঁকে নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। তৃণমূলে তাঁর ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এরই মধ্যে এবার দেবের বিষয়ে মুখ খুললেন তাঁর সহকর্মী তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

দেবকে নিয়ে কী বললেন হিরণ?

ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহা বিদ্যালয়ের প্রেসিডেন্ট, বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, এই তিনটি পদ থেকে ইস্তফা দেন দেব। এই বিষয় নিয়ে এক সংবাদমাধ্যমে বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় বলেন, “আমি সাধুবাদ জানাই। ১০ বছর পরে হলেও তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শ্যুটিং করতে করতে রাজনীতি করা সম্ভব নয়। রাজনীতি কোনও পার্ট টাইম জব নয়। ১০ বছর ধরে পার্ট টাইম পলিটিশিয়ান হয়ে কাজ করার পর তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি”।

তবে দেবের পাশে দাঁড়িয়ে হিরণ যে একথা বলেছেন, তা কিন্তু একেবারেই নয়। কারণ তাঁর সংযোজন, দেব যদি ১০ বছর আগে এই সিদ্ধান্ত নিতেন, তাহলে ঘাটালের মানুষের আরও উন্নতি হত। শেষ ১০ বছরে দেব কী কী কাজ করেছেন ঘাটালে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক।

হিরণের কথায়, “রাজনীতি ২৪ ঘণ্টার ফুল টাইম কাজ। আমি গত ৩ বছরে সর্বস্ব দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, কাজ করেছি তাই মানুষ তৃণমূলের এই সন্ত্রাস, গুণ্ডামির মধ্যেও আমাকে তিনটি নির্বাচনে জিতিয়েছেন। কিন্তু দেব শেষ ১০ বছরে কী করেছে, তার পরিসংখ্যান কেউ দিতে পারবে না। ২০ শতাংশের নিচে তাঁর সংসদে উপস্থিতির হার”।

হিরণের দাবী, দেব মানুষের পাশে দাঁড়ান না। তিনি মানুষের জন্য কাজ করেন না। দেব শুধু ৫ অন্তর অন্তর ঘাটালের মানুষের কাছে যান আর ভোট চান। সেই ভোটে জেতেন তিনি এমনটাই দাবী হিরণের। তাঁর কথায়, দেব বিগত বছরে কোনও রেল স্টেশন করতে পারেন নি, ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারেন নি। তাঁর সাফ কথা, তিনি রাজনীতি থেকে টাকা কামান না।   

দেব যদি বিজেপিতে যোগ দিতে চান?

এই বিষয়ে হিরণের বক্তব্য, “এটা দেবের ব্যক্তিগত ব্যাপার। আমি তো দেবের মনের ভিতর ঢুকে মন পড়তে পারব না। তবে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারোর খারাপ সম্পর্ক নেই। দেব আমার দল হোক, অন্য যে কোনও দলে হোক, যেতে পারে। কিন্তু যাই করবেন মানুষের জন্য করতে হবে”।

RELATED Articles