কাটল ‘দানা’র দাপট, দেখা মিলল সূর্যের! কিন্তু বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, কোথায় কোথায় হবে বৃষ্টি?

ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল, শুক্রবার সারাদিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতার নানান জায়গায় জলমগ্ন পরিস্থিতি হয়। তবে শনিবার সকাল থেকে হাওয়া বদল। দেখা মিলেছে সূর্যের। কিন্তু এসবের মধ্যেও আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘দানা’র দাপট কেটেছে বটে, কিন্তু বৃষ্টি থেকে এত সহজে রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ। আজ, শনিবারও দক্ষিণবঙ্গের তিন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ফলে ফের জল থই থই পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘দানা’ শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ আরও শক্তি হারিয়ে এবার ধীরে ধীরে উত্তর ওড়িশা থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। সেটি শনিবারই সাধারণ নিম্নচাপে পরিণত হবে। আর এর কারণেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস।

জানা গিয়েছে, আজ, শনিবার ঝাড়গ্রাম, ও দুই মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের কারণে। সকালেই হবে বৃষ্টি। বিকেল থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল, রবিবার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আপাতত কম।     

ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরের তাপমাত্রা কিছুটা কমেছে। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫২.৮ মিলিমিটার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles