বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘ফেমাস’ হওয়ার চক্করে রিলস ভিডিও আপলোড করছেন অনেকেই। আর এই রিলস বানাতে গিয়েই নানান সময় নানান বিপদ ডেকে আনেন তারা। এবার এই রিলস বানানোর চক্করেই প্রাণ খোয়ালেন তিন স্কুল ছাত্র। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তাদের, গুরুতর জখম আরও ২। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী ঘটেছে ঘটনাটি?
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেলের উপর আহিরণ সেতুর উপর। জানা গিয়েছে, আজ, বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই সেতুর উপর দাঁড়িয়ে রিলস ভিডিও বানাচ্ছিল ৫ বন্ধু। সেই সময় জঙ্গিপুর থেকে ফরাক্কাগামী এক ট্রেন আসে।
ওই নাবালকরা রিল বানাতে এতই মত্ত ছিল যে ট্রেন আসার কোনও হদিশই পায়নি তারা। দ্রুত গতিতে ট্রেন সেতুর উপর উঠে এলে তখন আর সরে যাওয়ার সময় পায়নি নাবালকরা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম আমাউল শেখ (১৪), রিয়াজ শেখ (১৬) ও সামিউল শেখ (১৭)। গুরুতর জখম হয় আকাশ শেখ ও রোহিত শেখ নামের দুই ছাত্র। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা দেখেন খালের উপর রেল লাইনের ব্রিজের এক যুবকের দেহ চিৎ হয়ে পড়ে আছে। মালগাড়ির ধাক্কার জেরে জামা-কাপড় ছিঁড়ে গিয়েছে। লাইনের ধারেই অর্ধ বি’ব’স্ত্র অবস্থায় ওই যুবকের দেহ পড়ে ছিল। এর একটু দূরে রেল লাইনের উপরেই আরও এক যুবকের দেহ পড়ে ছিল। তৃতীয় যুবকের দেহ পড়েছিল রেলের ব্রিজ থেকে খালের ধারে মাঠের মধ্যে। আর পাশেই একটি কাটা পা পড়ে ছিল। পুলিশকর্মীরা এই গোটা ঘটনা তদন্ত করছেন।
জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানান, “ঘটনাটি রেল পুলিশের এলাকাতে হয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে ও দুজন আহত হয়েছেন”। স্থানীয়রা জানাচ্ছেন, রেল কর্তৃপক্ষ সম্প্রতি সেতু সংস্কার করেছে। আর এরপর থেকে রেল সেতুর উপর দাঁড়িয়ে ‘রিল’ বানানোর উৎপাত বেড়েছে কিছু তরুণ-তরুণীর। এই বিষয়ে রেলের তরফে কোনও ব্যবস্থা না নেওয়ায় এমন অঘটন ঘটেছে।
এই ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। অভিভাবকদেরও এবিষয়ে সতর্ক থাকা উচিত। কারণ, রিল আর রিয়্যাল লাইফ এক নয়”।





